ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রাম থেকে ২৭ জন ব্যক্তিকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দ্য হিন্দু পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গুরুগ্রাম পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা (এটিএস) এবং অপারেশনস স্টাফ পৃথক অভিযান চালিয়ে ওই ২৭ জনকে আটক করে। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক।
প্রাথমিক তদন্তে তাদের কাছে ভারতে বসবাসের বৈধ অনুমতিপত্র, ভিসা, পাসপোর্ট কিংবা অন্য কোনো প্রয়োজনীয় নথি পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পরে আটক ব্যক্তিদের মানেসরের একটি আটককেন্দ্রে পাঠানো হয়। সেখানে তাদের ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, গত শুক্রবার (২৭ নভেম্বর) পুলিশি পাহারায় ২৭ বাংলাদেশিকে ট্রেনে করে পাঠানো হয়। তাদের যাত্রার জন্য একটি অতিরিক্ত সাধারণ কামরা (জেনারেল কোচ) যুক্ত করা হয়েছিল। তারা সবাই পুলিশ সদস্যদের সঙ্গে ট্রেনে ওঠেন এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী ট্রেনটি যাত্রা শুরু করে।
কর্মকর্তা আরও বলেন, পুরো প্রক্রিয়াটি সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে সম্পন্ন করা হয়েছে।
গুরুগ্রাম পুলিশ আরও জানিয়েছে, জেলায় অবৈধভাবে বসবাস করছেন বলে সন্দেহভাজন বিদেশিদের শনাক্ত ও পরিচয় যাচাইয়ের অভিযান অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: দ্য হিন্দু
Source: জাগো নিউজ২৪






