চীনের গুয়াংডং প্রদেশের বাসিন্দা চেন নামের এক নারী রাত জেগে অনলাইন গেম খেলার অভ্যাস ছাড়াতে অভিনব এক কৌশল বেছে নিয়েছেন। স্বামী লির এই নেশা থামাতে তিনি অন্যান্য গেমারদের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন গেমের ভেতরই তাঁকে বারবার 'মেরে ফেলা' বা পরাজিত করা হয়। শেষ পর্যন্ত স্ত্রীর সেই পরিকল্পনা দারুণভাবে কাজে লেগেছে।
গত ১৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন চেন। ভিডিওতে দেখা যায়, তার স্বামী লি গভীর রাতে বসে অনলাইন গেম খেলছেন। চেন অন্য খেলোয়াড়দের উদ্দেশে বলেন, রাত ১টার দিকে গেমের ভেতর তার স্বামীকে যেন পরাজিত করা হয়, যাতে তিনি গেম ছেড়ে ঘুমাতে আসেন।
চেন জানান, আগের তিনরাত ধরে লি ভোর ৩টা থেকে ৪টা পর্যন্ত জেগে গেম খেলছিলেন। এতে তার নিজের ঘুমেরও ব্যাঘাত ঘটছিল।
শুরুতে অনেক নেটিজেন বিষয়টিকে নিছক রসিকতা হিসেবে নিয়েছিলেন। তবে ভিডিওতে লির পাল্টা প্রতিক্রিয়া দেখে তাদের মনোভাব বদলে যায়। স্ত্রীর আকুতি উপেক্ষা করে লি আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা দেন, অন্য খেলোয়াড়দের পক্ষে তাকে খুঁজে বের করা অসম্ভব।
লির এমন চ্যালেঞ্জের জবাবে এক খেলোয়াড় মন্তব্য করেন, তিনি প্রথমে চেনকে সাহায্য করতে চাননি। কিন্তু লি নিজেই তাকে খুঁজে বের করার একটি ভালো কারণ তৈরি করে দিয়েছেন। ভিডিওটিতে লির গেমিং আইডি 'তিয়ানতিয়ানকাইক্সিন' (যার চীনা অর্থ প্রতিদিন সুখী), তার অবস্থান ও চরিত্রের পরিচয় প্রকাশ পেয়ে যায়।
এরপরের রাতগুলোতে অসংখ্য খেলোয়াড় শুধু একটি লক্ষ্য নিয়ে গেমে লগইন করতে থাকেন। তাদের একমাত্র মিশন ছিল লিকে খুঁজে বের করে পরাজিত করা। টানা তিন ঘণ্টার এক সেশনে লিকে বারবার পরাজিত করা হয়। প্রতিবারই তার চরিত্রটিকে কবরস্থান থেকে আত্মা হিসেবে দৌড়ে গিয়ে আবার জীবন ফিরে পেতে হচ্ছিল।
চেনের ভিডিও পোস্টের পর দ্বিতীয় রাতেই লি মধ্যরাতের আগেই ঘুমাতে চলে যান। চেন জানান, চলতি বছরের মধ্যে সেটিই ছিল লির সবচেয়ে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার ঘটনা।
এদিকে একই নামের আইডি ব্যবহার করা অন্য কয়েকজন খেলোয়াড়ও ভুলবশত আক্রমণের শিকার হন। মজা করে এক খেলোয়াড় লেখেন, 'প্রতিদিন সুখী' এখন 'প্রতিদিন হৃদয়ভাঙা' হয়ে গেছে।
চতুর্থ দিনে লি অদৃশ্য বা ইনভিজিবল মোডের একটি চরিত্র নিয়ে খেলার চেষ্টা করেন। কিন্তু তবুও খেলোয়াড়েরা তার অবস্থান শনাক্ত করে তাকে ঘায়েল করতে থাকেন। এমনকি জনপ্রিয় গেম ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফটের অফিশিয়াল চীনা অ্যাকাউন্ট থেকেও স্বামীর বিরুদ্ধে স্ত্রীর এই পুরস্কার ঘোষণা নিয়ে মজার ভিডিও পোস্ট করা হয়।
এরপর থেকে লি রাত জেগে গেম খেলা বন্ধ করেছেন বলে জানা গেছে।
তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, জাগো নিউজ আন্তর্জাতিক
Source: জাগো নিউজ২৪






