ঢাকা-নোয়াখালী রুটে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঢাকা এক্সপ্রেস ও নোয়াখালী এক্সপ্রেস মেইল ট্রেন পুনরায় চালু এবং ইতিমধ্যে অনুমোদিত সুবর্ণচর এক্সপ্রেস চালুর দাবি জানিয়েছেন বৃহত্তর নোয়াখালীর চৌমুহনী এলাকার ব্যবসায়ী সমাজ। এ দাবিতে তারা রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিবের কাছে লিখিত আবেদন করেছেন।
আবেদনে বলা হয়েছে, বৃহত্তর নোয়াখালীর অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী এবং আশপাশের এলাকার মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নোয়াখালী রেলওয়ের যোগাযোগব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু ঢাকা-নোয়াখালী রুটের ঢাকা এক্সপ্রেস ও নোয়াখালী এক্সপ্রেস মেইল ট্রেন দুটি প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে মাইজদী, বজরা ও হরিনারায়ণপুর স্টেশনে রেলসেবা বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত এবং স্বল্প খরচে পণ্য ও মালামাল পরিবহনের সুযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আবেদনে আরও বলা হয়, চৌমুহনী একটি ঐতিহ্যবাহী পাইকারি ব্যবসাকেন্দ্র। এখানকার ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়মিত পণ্য ও মালামাল সংগ্রহ করেন। মেইল ট্রেন দুটি পুনরায় চালু হলে স্বল্প খরচে পণ্য পরিবহন সহজ হবে, ব্যবসায়ীদের পরিবহন ব্যয় কমবে ও চৌমুহনীসহ বৃহত্তর নোয়াখালীর ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে। পাশাপাশি সাধারণ মানুষও স্বল্প খরচে নিরাপদ ও সহজ রেল যোগাযোগের সুবিধা ফিরে পাবেন।
এছাড়া ঢাকা-নোয়াখালী রুটে অনুমোদিত আন্তঃনগর সুবর্ণচর এক্সপ্রেস (৮১৭/৮১৮) এখনো চালু না হওয়ায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়নি। আবেদনে চৌমুহনী ব্যবসায়ী সমাজ ও বৃহত্তর নোয়াখালীর জনগণের স্বার্থ বিবেচনায় বিষয়গুলো বাস্তবায়নে রেল প্রতিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






