এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের জন্য সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষা আগামী ১ ডিসেম্বর শুরু হচ্ছে। এই পরীক্ষার আয়োজনের অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি কেন্দ্রের পরীক্ষা ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হবে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। তিনি জানান, সারা দেশে একযোগে এই সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই পরীক্ষা পেছানো হচ্ছে না। এ কারণে গোপালগঞ্জের পরীক্ষার্থীদের নিকটবর্তী জেলা-উপজেলায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। আগামী ১ ডিসেম্বর এই পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। ফলাফল প্রকাশ হতে পারে ডিসেম্বরের শেষ নাগাদ।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব জাগো নিউজকে বলেন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজে আগেই পরীক্ষা কেন্দ্র ছিল। রোববার সকালে এক চিঠির মাধ্যমে জানানো হয়েছে, কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজে। নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করা হয়েছে। তবে পরীক্ষার্থীর সংখ্যা এখন পর্যন্ত জানানো হয়নি।

তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী।

Source: জাগো নিউজ২৪