নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় রাতভর পরিচালিত পৃথক পাঁচটি যৌথ অভিযানে মানবপাচারের অভিযোগে পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে ময়মনসিংহের ধোবাউড়া থানা এবং একজনকে নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার রোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীন চারুয়াপাড়া ও বিজয়পুর বিওপির উদ্যোগে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে পাঁচটি পৃথক যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এর মধ্যে চারুয়াপাড়া বিওপির নেতৃত্বে সীমান্ত পিলার ১১৪২/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাছুয়াপাড়া এলাকায় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় মানবপাচারের অভিযোগে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. রুবেল হোসেন, এনামুল হক (৩৩), মো. আনোয়ার হোসেন (৩০) ও মো. আজহারুল ইসলাম (২৭)। তাদের সবার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোবরচুনা গ্রামে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের মধ্যে রুবেল হোসেনের বিরুদ্ধে আগে তিনটি মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন দুর্গাপুরের বিজয়পুর বিওপির নেতৃত্বে সীমান্ত পিলার ১১৪৯/এমপি থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগৎকুড়া এলাকায় বিজিবি ও পুলিশের সমন্বয়ে রাত সাড়ে ১২টা থেকে রাত ২টা পর্যন্ত আরেকটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. হারুন মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রাণীখং ইউনিয়নের জগৎকুড়া গ্রামের মৃত জহুর আলীর ছেলে।
বিজিবি জানায়, চারুয়াপাড়া বিওপির অভিযানে আটক চারজনকে ধোবাউড়া থানা এবং বিজয়পুর বিওপির অভিযানে আটক একজনকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তোহিদুল বারী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা ও মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: জাগো নিউজ - বাংলাদেশ
Source: জাগো নিউজ২৪






