ইরানের জাতীয় মুদ্রা রিয়াল ইতিহাসের সবচেয়ে নিম্ন পর্যায়ে নেমে গেছে। খোলাবাজারে গত শনিবার (২৮ নভেম্বর) এক মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ৩০ লাখ রিয়ালে পৌঁছেছে। যুদ্ধ, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও কঠোর মার্কিন নিষেধাজ্ঞার চাপে এই পতন ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
বৈদেশিক মুদ্রার খোলাবাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট 'বনবাস্ট ডটকম'-এর তথ্য অনুযায়ী, শনিবার প্রতি মার্কিন ডলার প্রায় ২৯ লাখ ৯২ হাজার রিয়ালে বিক্রি হয়েছে। এর আগের দিন শুক্রবার ডলারের দাম ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল। আরেক ওয়েবসাইট 'অ্যালানচাঁদ ডটকম' জানিয়েছে, ডলারের দাম ১ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ২৯ লাখ ৯৯ হাজার রিয়ালে পৌঁছেছে।
এই বছর আগস্ট মাসে প্রথমবারের মতো প্রতি ডলারের দাম ২০ লাখ রিয়ালের সীমা অতিক্রম করে রেকর্ড গড়েছিল। এরপর থেকেই রিয়ালের পতনের ধারা অব্যাহত রয়েছে।
গত নয় মাস ধরে চলা যুদ্ধের কারণে ইরান কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মূল্যস্ফীতির মুখে পড়েছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের দাম আকাশচুম্বী হয়েছে।
ইরানের অর্থনীতির ওপর চাপ আরও বাড়াতে গত জুলাইয়ে দেশটির বন্দরগুলোর ওপর পুনরায় নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি, চলতি নভেম্বর মাসের শুরুতে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র এবং নিষেধাজ্ঞাপ্রাপ্ত পণ্যের চলাচল ঠেকাতে 'টাস্ক ফোর্স আয়রন গেট' গঠনের ঘোষণা দেয় ওয়াশিংটন।
ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে এবং দেশটির ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক ভেঙে দিতে চলতি সপ্তাহের শুরুতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার পর এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, 'ইরানের অর্থনীতি ডুবে গেছে এবং দেশটির নেতারা আতঙ্কিত হয়ে পড়েছেন।'
মুদ্রার এই পতনের মধ্যে শনিবার ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি দাবি করেন, আগামী কয়েক মাসের জন্য নিত্যপণ্য ও ওষুধ আমদানির মতো পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা তাদের হাতে রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বৈদেশিক মুদ্রার বাজার কেবল অর্থনৈতিক ভিত্তির ওপর নির্ভর করে না, বরং মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক নানা বিষয়ের কারণেও প্রভাবিত হয়। বাজার স্থিতিশীল করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও তিনি জানান।
তবে মুদ্রার মান দ্রুত কমতে থাকায় নিজেদের সঞ্চয় নিরাপদ রাখতে ইরানের সাধারণ মানুষ ব্যাপক হারে ডলার, অন্যান্য শক্তিশালী বিদেশি মুদ্রা এবং সোনা কিনছেন।
ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরের অক্টোবরে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ৮৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮ শতাংশে, যা গত জুলাই মাসে ছিল ৬৬ শতাংশ। সবচেয়ে বেশি বেড়েছে খাদ্য ও পানীয়ের দাম, যা আগের বছরের তুলনায় ১১২ দশমিক ৬ শতাংশ বেশি।
তথ্যসূত্র: রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী।
Source: জাগো নিউজ২৪






