রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে মশাল মিছিল করার অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে আটজন শিশু বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার (২৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম।

তিনি জানান, গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার হুজরাপুর গ্রামে মশাল মিছিল বের করেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। পুলিশের দাবি, এতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

গোদাগাড়ী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম আরও জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গোপালপুর গ্রামে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মিছিল করতে পারেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা হুজরাপুর গ্রামে চলে যান। সেখানে কয়েক মিনিট মিছিল করার পর তারা সরে পড়েন।

পুলিশের ধারণা ছিল, মিছিলকারীরা গোপালপুর থেকে হুজরাপুরে যাওয়ায় ফেরার সময় একই পথ ব্যবহার করবেন। এ কারণে রাজাবাড়ীহাট এলাকায় অবস্থান নেয় পুলিশ।

পরে মিছিল শেষে দুটি অটোরিকশায় করে ফেরার পথে ১৫ জনকে আটক করা হয়।

পুলিশের দেওয়া তালিকা অনুযায়ী, আটক ১৫ জনের মধ্যে আটজন শিশু এবং বাকি সাতজন প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্কদের মধ্যে রয়েছেন ইদলপুর গ্রামের শাহাবুল ইসলাম (২৭), সুলতানগঞ্জ গ্রামের আব্দুল গাফফার (২০), রঘুনাথপুর গ্রামের মো. হামিদ (২১), ফরিদপুর গ্রামের সিফাত আলী (১৮) এবং মাধবপুর গ্রামের সজিব আলী (১৮), আবীর হাসান (২০) ও আসাদুল ইসলাম রুবেল (২০)।

পুলিশ তাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী বলে দাবি করেছে।

শহীদুল ইসলাম আরও জানান, আটক ব্যক্তিদের গোদাগাড়ী থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে আজ রোববার তাদের আদালতে পাঠানো হবে।

Source: জাগো নিউজ২৪