১৯৬০-এর দশকে বাজারে আসার পর জন্মনিয়ন্ত্রণ বড়ি নারীদের স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচিত হয়েছিল। সন্তান ধারণের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হওয়ায় এটি নারীদের প্রজননক্ষমতার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে গত এক দশকে এই বড়ি ব্যবহারের বিষয়ে নারীদের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে। ব্রিটেনে পরিচালিত একটি বৃহৎ যৌনস্বাস্থ্য গবেষণায় দেখা গেছে, জন্মনিয়ন্ত্রণ বড়ি ব্যবহারকারী তরুণীদের হার এক দশকে এক-তৃতীয়াংশের বেশি কমেছে। আগে ৪৮ শতাংশ তরুণী এই বড়ি ব্যবহার করতেন, বর্তমানে তা কমে ৩২ শতাংশে দাঁড়িয়েছে। প্রজননক্ষম বয়সের সব নারীর মধ্যে বড়ি ব্যবহারের হারও কমেছে। আগে এই হার ছিল ২৯ শতাংশ, বর্তমানে তা ২১ শতাংশের সামান্য নিচে।
বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের পেছনে একাধিক কারণ রয়েছে। জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে নারীদের তথ্য ও সচেতনতা বেড়েছে। পাশাপাশি আগের প্রজন্মের তুলনায় মানুষের যৌন সম্পর্কের হার কমে যাওয়াও একটি কারণ হতে পারে। জন্মনিয়ন্ত্রণ বড়ি নিয়ে তরুণীদের বর্তমান মনোভাব বুঝতে তিনজন নারীর অভিজ্ঞতা এবং বিশেষজ্ঞদের মতামত তুলে ধরেছে বিবিসি।
দীর্ঘদিন বড়ি খাওয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ
২৪ বছর বয়সী ম্যাডিসন মিডলটন গত বছর সম্মিলিত হরমোনযুক্ত জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়া বন্ধ করেন। ১৫ বছর বয়সে মাসিকের তীব্র ব্যথার কারণে তিনি বড়ি খাওয়া শুরু করেছিলেন। এতে তার মাসিকের ব্যথা কমলেও দীর্ঘদিন ধরে শরীরে এই ওষুধ গ্রহণ নিরাপদ কি না, তা নিয়ে একসময় উদ্বিগ্ন হয়ে পড়েন। মিডলটন বলেন, "আমার মনে হচ্ছিল, সব সময় এই বড়ি খাওয়া স্বাভাবিক নয়।" বর্তমানে তিনি কনডম ব্যবহারের পাশাপাশি পর্যবেক্ষণের জন্য একটি অ্যাপ ব্যবহার করেন। দীর্ঘদিন জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে ভবিষ্যতে সন্তান ধারণের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে—এমন আশঙ্কাও ছিল তার। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও উদ্বিগ্ন ছিলেন, যদিও তিনি নিজে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেননি।
তবে গবেষণায় দেখা গেছে, জন্মনিয়ন্ত্রণ বড়ি দীর্ঘমেয়াদে নারীদের সন্তান ধারণের ক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলে না। বড়িটি প্রতি মাসে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ বন্ধ করে গর্ভধারণ প্রতিরোধ করে। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের তথ্য অনুযায়ী, জন্মনিয়ন্ত্রণ বড়ি ব্যবহারে মেজাজের পরিবর্তনসহ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। রক্ত জমাট বাঁধার ঝুঁকি খুব সামান্য বাড়ে। পাশাপাশি স্তন ও জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকিও কিছুটা বাড়তে পারে। তবে জন্মনিয়ন্ত্রণ বড়িকে নিরাপদ ও কার্যকর পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়। ব্রিটেনে এখনো এটি সবচেয়ে জনপ্রিয় জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর একটি। লাখ লাখ নারী এই বড়ি ব্যবহার করেন। গর্ভধারণ প্রতিরোধের পাশাপাশি ব্রণ, মাসিকের তীব্র ব্যথা, এন্ডোমেট্রিওসিস এবং পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোমের (পিএমওএস) মতো বিভিন্ন স্বাস্থ্য সমস্যার চিকিৎসায়ও জন্মনিয়ন্ত্রণ বড়ি দেওয়া হয়।
মানসিক স্বাস্থ্যে প্রভাবের অভিযোগ
৩১ বছর বয়সী ওয়ারউইকশায়ারের বাসিন্দা এল-মে থম্পসন পিএমওএসের উপসর্গ নিয়ন্ত্রণে প্রোজেস্টেরনযুক্ত মিনিপিল ব্যবহার করতেন। তার ব্রণ ও হরমোনের ওঠানামার সমস্যা ছিল। তবে তিনি দাবি করেন, বড়িটি তার মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলেছিল। এ কারণে তাকে তিন মাসের জন্য কাজ থেকে ছুটি নিতে হয়েছিল। চিকিৎসক মনে করেছিলেন, তার শরীরে প্রোজেস্টেরন হরমোনের প্রতি অতিসংবেদনশীলতা থাকতে পারে। চলতি বছরের শুরুতে তিনি বড়ি খাওয়া বন্ধ করেন। থম্পসন বলেন, "বিষণ্নতার ওষুধ পরিবর্তন করাও তাকে সাহায্য করেছে।" তবে বড়ি বন্ধ করার কয়েক দিনের মধ্যেই তিনি নিজের মধ্যে পরিবর্তন অনুভব করেন। তার ভাষায়, "আমি অনেকটা স্বচ্ছ অনুভব করছিলাম, ভালো লাগছিল। মনে হচ্ছিল, মাথার ওপর থেকে একটা মেঘ সরে গেছে।" থম্পসনের মতে, চিকিৎসকেরা অনেক সময় পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা না করেই খুব সহজে জন্মনিয়ন্ত্রণ বড়ি দিয়ে দেন।
চিকিৎসকের কাছে বাড়ছে প্রশ্ন
যৌন ও প্রজননস্বাস্থ্য নিয়ে গবেষণা করেন এনএইচএসের পরামর্শক চিকিৎসক নেহা পাঠক। তিনি বলেন, জাতীয় যৌন আচরণ ও জীবনধারা জরিপের ফলাফল তার চিকিৎসাকেন্দ্রের অভিজ্ঞতার সঙ্গেও মিলে যাচ্ছে। তিনি বলেন, "আমি এখন আরও বেশি নারীকে বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি এবং সেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন ও উদ্বেগ জানাতে দেখছি। এটা ভালো বিষয়।" তার মতে, নারীদের স্বাস্থ্যকর ও সচেতন সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য থাকা উচিত। তবে জন্মনিয়ন্ত্রণ বড়ি নিয়ে কিছু উদ্বেগ ভুল তথ্যের কারণে তৈরি হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা জরুরি বলে মনে করেন তিনি। বিশেষ করে বড়িতে থাকা কৃত্রিম হরমোন প্রাকৃতিক নয় বলে সেগুলো ক্ষতিকর—এমন ধারণা থেকে অনেকে উদ্বিগ্ন হতে পারেন।
হরমোনবিহীন পদ্ধতি ও উর্বরতা পর্যবেক্ষণের অ্যাপে আগ্রহ
সাম্প্রতিক বছরগুলোতে হরমোনবিহীন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির জনপ্রিয়তা বেড়েছে। পাশাপাশি পর্যবেক্ষণের অ্যাপ ব্যবহারের প্রবণতাও বাড়ছে। এতে শরীরের নিজস্ব হরমোন কীভাবে কাজ করে, তা নিয়ে নারীদের আগ্রহ ও সচেতনতা তৈরি হয়েছে। উর্বরতা পর্যবেক্ষণের অ্যাপগুলো শরীরের তাপমাত্রাসহ বিভিন্ন তথ্য ব্যবহার করে মাসিক চক্রের উর্বর দিনগুলো শনাক্ত করে। এনএইচএসের তথ্য অনুযায়ী, সঠিকভাবে ব্যবহার করলে এসব অ্যাপ গর্ভধারণ প্রতিরোধে ৯০ শতাংশের বেশি কার্যকর হতে পারে। তবে নির্দেশনা ঠিকমতো অনুসরণ না করলে কার্যকারিতা কমে ৭৬ শতাংশে নেমে আসে। অন্যদিকে, জন্মনিয়ন্ত্রণ বড়ি ও মিনিপিল সাধারণ ব্যবহারে ৯১ শতাংশ এবং নিখুঁতভাবে ব্যবহার করলে ৯৯ শতাংশ কার্যকর।
বড়ি বন্ধ করে আবার শুরু করার অভিজ্ঞতাও রয়েছে ২৯ বছর বয়সী কনটেন্ট নির্মাতা গ্রেটা কস্তিওলি চিকিৎসকের সঙ্গে আলোচনা করে জন্মনিয়ন্ত্রণ বড়ি বন্ধ করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীদের কাছ থেকে ব্যাপক সমর্থন পান তিনি। গ্রেটা বলেন, "মানুষ আমাকে খুব উৎসাহ দিচ্ছিল।" পিএমওএসের উপসর্গ নিয়ন্ত্রণে তিনি সাত বছর ধরে বড়ি ব্যবহার করেছিলেন। কিন্তু বন্ধ করার কয়েক মাসের মধ্যেই তার উপসর্গগুলো আবার ফিরে আসে। পরে ভেবেচিন্তে তিনি অন্য ধরনের জন্মনিয়ন্ত্রণ বড়ি ব্যবহার শুরু করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তার সিদ্ধান্তের সমালোচনা করেন। তাদের বক্তব্য ছিল, আবার বড়ি খাওয়া সমস্যার মূল কারণ সমাধান না করে শুধু সাময়িকভাবে উপসর্গ কমানোর উপায়। গ্রেটা বলেন, "মনে হচ্ছিল, তারা বরং আমাকে কষ্ট পেতে দেখতে চায়, কিন্তু আমার অসুস্থতার জন্য প্রয়োজনীয় ওষুধ নিতে দিতে চায় না। সিদ্ধান্তটি তো ব্যক্তিগত পছন্দের বিষয় হওয়া উচিত।"
বিকল্প পদ্ধতির ব্যবহার বাড়ছে
প্রতি দশ বছর অন্তর পরিচালিত ন্যাটসাল (ন্যাশনাল সার্ভে অব সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড লাইফস্টাইলস) জরিপে দেখা গেছে, এখন অনেক নারী জন্মনিয়ন্ত্রণ বড়ির পরিবর্তে অন্য পদ্ধতি বেছে নিচ্ছেন। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ব্রিটেনের ১৬ থেকে ৫৯ বছর বয়সী ৬ হাজার ৭০০ জনকে দৈবচয়ন করে এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়। জরিপ অনুযায়ী, হরমোনযুক্ত আইইউডি বা জরায়ুতে স্থাপন করা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার গত এক দশকে ৪ শতাংশ থেকে বেড়ে ১০ শতাংশ হয়েছে। বর্তমানে কতজন নারী উর্বরতা পর্যবেক্ষণের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করছেন, তা নিয়ে গবেষকেরা তথ্য বিশ্লেষণ করছেন। যৌনবাহিত সংক্রমণ প্রতিরোধে কনডমের ব্যবহার এখনো ব্যাপক। গত এক দশকে এর ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
এল-মে থম্পসন চলতি বছরের শুরুতে জন্মনিয়ন্ত্রণের উদ্দেশ্যে জরায়ুতে আইইউডি স্থাপন করিয়েছেন। এতে প্রোজেস্টেরন থাকলেও খুব অল্প পরিমাণ হরমোন নির্দিষ্ট জায়গায় নিঃসৃত হয়। ফলে এটি তার মানসিক স্বাস্থ্যে আগের বড়ির মতো প্রভাব ফেলেনি বলে জানান তিনি। তবে পিএমওএসের উপসর্গ কমাতে এটি সাহায্য করেনি। থম্পসন বলেন, "আমার মায়ের প্রজন্মের নারীদের বলা হতো, বড়ি খেয়ে নাও। কিন্তু এখন ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। তরুণীরা অন্য বিকল্পগুলোও বিবেচনা করছেন।"
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক জয়েস হারপারও নারীদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে প্রজন্মগত পরিবর্তন দেখতে পাচ্ছেন। তিনি বলেন, ১৯৮০-এর দশকে মনে হতো সবাইকে শুধু জন্মনিয়ন্ত্রণ বড়ি দেওয়া হচ্ছে। তখন জরায়ুতে কপার আইইউডি স্থাপনের মতো পদ্ধতি ব্যবহারে অনেকের মধ্যে ভীতি ছিল। হারপার বলেন, "এখন নারীদের হাতে অনেক বেশি বিকল্প রয়েছে। ইমপ্ল্যান্ট, ইনজেকশন, কপার আইইউডি, হরমোনযুক্ত আইইউডি—অনেক পদ্ধতি রয়েছে।"
জন্মনিয়ন্ত্রণ বড়ির ব্যবহার কমে যাওয়ার এই প্রবণতা নারীদের স্বাস্থ্য, পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সচেতনতা এবং নিজেদের শরীর সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বাড়ার প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কোন পদ্ধতি কার জন্য উপযুক্ত, তা ব্যক্তির স্বাস্থ্য, প্রয়োজন ও চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করে।
সূত্র: বিবিসি
Source: জাগো নিউজ২৪






