ইসরায়েলে জাতীয় জোট সরকার গঠনের লক্ষ্যে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে প্রথমে প্রধানমন্ত্রী করার বিষয়ে সম্মতি দিয়েছেন বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

নেতানিয়াহু তাঁর পোস্টে বলেন, একজন নেতা হিসেবে তাঁর দায়িত্বের কারণে সবচেয়ে বড় দলের আদর্শের পাশাপাশি ‘সবকিছুই এখন একপাশে সরিয়ে রাখা’ তাঁর কর্তব্য। তিনি আরও জানান, নয়া সরকারে তিনি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে প্রাথমিকভাবে দায়িত্ব পালনে প্রস্তুত।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ চলতি মাসের শুরুর দিকে সরকার গঠনের জন্য আইজেনকটকে ২৮ দিনের সময় বেঁধে দেন। এরপর আইজেনকট তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সমঝোতার আহ্বান জানান।

এর আগে শুক্রবার আইজেনকট নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টির বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তারা ৬ ডিসেম্বরের ডেডলাইনের মধ্যে সরকার গঠনের আলোচনায় ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করছে।

অন্য তিনটি বিরোধী ইহুদি দলের পাশাপাশি আইজেনকটের নেতৃত্বাধীন মধ্যপন্থি ইয়াশার পার্টি অক্টোবরের নির্বাচনে ৪৮টি আসনে জয়লাভ করে। নির্বাচনে নেতানিয়াহুর ব্লক পায় ৫৩টি আসন। ফলে দুই ব্লকের কেউই ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি।

প্রেসিডেন্ট হারজগ জানান, সাবেক সেনাপ্রধান আইজেনকটকে সরকার গঠনের আহ্বান জানানোর আগে তিনি নির্বাচনের পরের সপ্তাহে সব রাজনৈতিক দলের সঙ্গেই কথা বলেছেন।

ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনে ইউনাইটেড আরব লিস্ট ও জয়েন্ট লিস্ট নামে দুটি আরব সংখ্যাগরিষ্ঠ ব্লক যৌথভাবে ১৯টি আসনে জয় পায়, যা ইসরায়েলের নির্বাচনী ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। এতে করে ব্লক দুটি সম্ভাব্য ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হয়। তবে নির্বাচনের আগে একটি বাদে বাকি সব ইহুদি দলই সরকার গঠনে তাদের সঙ্গে কাজ না করার ব্যাপারে দৃঢ় অবস্থান ব্যক্ত করে।

এদিকে, সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আইজেনকট অনেকটাই এগিয়ে গেছেন। ইসরায়েল বেতেনু পার্টি ও দ্য ডেমোক্র্যাটস তাঁর দলের সঙ্গে জোট গঠনে রাজি হয়েছে।

তথ্যসূত্র: জাগো নিউজ ইন্টারন্যাশনাল, বিবিসি

Source: জাগো নিউজ২৪