চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উদ্ভূত অচলাবস্থা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবিতে মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। নিজ বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন যোগ্য ও উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য নিয়োগ দেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করবেন শিক্ষকরা।

রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে থেকে এই মিছিল বের হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। আগামী বুধবার (২ ডিসেম্বর) একই সময়ে একই স্থান থেকে মিছিল বের হবে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টায় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় চুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন যোগ্য ও উপযুক্ত শিক্ষাবিদকে উপাচার্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মতান্ত্রিক কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে মৌন মিছিলের কর্মসূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।

শিক্ষক সমিতি জানিয়েছে, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: জাগো নিউজ ন্যাশনাল

Source: জাগো নিউজ২৪