রাজশাহীর দুর্গাপুরে বিএনপির একটি আলোচনা সভায় বিশেষ অতিথিদের জন্য নির্ধারিত চেয়ারে বসে থাকতে দেখা গেছে থানার এক পুলিশ কর্মকর্তাকে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার তেবিলা উচ্চ বিদ্যালয় মাঠে পানানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পানানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল খন্দকারের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু। অনুষ্ঠানে প্রধান নির্বাচনি সমন্বয়ক হিসেবে উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক জুবায়েদ হোসেন এবং সিনিয়র যুগ্ম সমন্বয়ক হিসেবে সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মণ্ডল উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে দুর্গাপুর থানার এসআই রেজাউল করিমকে মঞ্চে বিশেষ অতিথিদের জন্য নির্ধারিত সারিতে বসে থাকতে দেখা যায়। তাঁর পাশে ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মণ্ডল। ওই সময় মঞ্চের সামনের সারিতে বিএনপির নেতাকর্মীরাও অবস্থান করছিলেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, অনুষ্ঠানে পুলিশের কোনো কর্মকর্তা আমন্ত্রিত অতিথি ছিলেন না। ওই কর্মকর্তা বিশেষ অতিথির চেয়ারে বসেছিলেন কি-না, তা তাঁর জানা নেই। তিনি বিষয়টি খেয়াল করেননি বলে উল্লেখ করেন।
জানতে চাইলে এসআই রেজাউল করিম নিজেও এ প্রসঙ্গে বলেন, তিনি সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বিশেষ অতিথির চেয়ারটি ফাঁকা থাকায় অল্প সময়ের জন্য তিনি সেখানে বসেছিলেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, এসআই রেজাউল করিম ওই অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তবে রাজনৈতিক অনুষ্ঠানে পুলিশের কোনো কর্মকর্তা বিশেষ অতিথির আসনে বসতে পারেন কি-না, সে বিষয়ে তাঁর জানা নেই।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, পুলিশ সদস্যরা সংসদ সদস্যের প্রটোকলের দায়িত্ব পালন করতে পারেন। তবে কোনো রাজনৈতিক দলের মঞ্চে বিশেষ অতিথির চেয়ারে বসার সুযোগ নেই। তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে কথা বলেছেন।
Source: জাগো নিউজ২৪






