ময়মনসিংহ নগরে কিশোর গ্যাংয়ের তৎপরতা উদ্বেগজনক আকার ধারণ করছে। দলবদ্ধভাবে চলাফেরা, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, প্রতিপক্ষকে মারধর ও ভয়ভীতি দেখানো, ছিনতাই—এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এক শ্রেণির কিশোর। এদের বড় একটি অংশ স্কুল-কলেজের শিক্ষার্থী। যে বয়সে বই-খাতা হাতে স্বপ্ন গড়ার কথা, সেই বয়সেই কারও কারও পরিচিতি হয়ে উঠছে গ্যাং সদস্য হিসেবে।
নগরের কাঁচিঝুলি, পুলিশ লাইনস, নতুন বাজার, বাউন্ডারি রোড, নওমহল ও কাশরসহ বিভিন্ন এলাকায় কিশোরদের একাধিক দল সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। এসব দলের মধ্যে সাইকো গ্যাং কিলার (পিজিকে), ময়মনসিংহ টপ ব্রাদারহুড সিন্ডিকেট, টেরর সিন্ডিকেট ও নতুন বাজার সিন্ডিকেটের নাম আলোচনায় এসেছে। এসব দলের সদস্যদের বিরুদ্ধে মারামারি, ছিনতাই, হুমকি-ধমকি, মোটরসাইকেল নিয়ে মহড়া ও এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে।
‘সাইকো গ্যাং কিলার’-এর নেতৃত্বে নবম শ্রেণির ছাত্র
সম্প্রতি নবম শ্রেণির এক শিক্ষার্থীর নেতৃত্বে ‘সাইকো গ্যাং কিলার’ বা পিজিকে নামে একটি কিশোর গ্যাংয়ের তৎপরতা সামনে এসেছে। দলটির তথ্য সামনে আসে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড ঘেঁটে। ওই শিক্ষার্থীর ফেসবুক প্রোফাইলের পরিচিতিতে লেখা রয়েছে ‘সাইকো গ্যাং কিলার’ ও ‘ময়মনসিংহ টপ ব্রাদারহুড সিন্ডিকেট’।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় এক বছর ধরে ওই কিশোর মোটরসাইকেল নিয়ে এবং অন্য কিশোরদের সঙ্গে দলবদ্ধভাবে নগরের বিভিন্ন এলাকায় মহড়া দিয়ে আসছিল। বিশেষ করে কাশর ও জয়নুল আবেদিন উদ্যান এলাকাকে কেন্দ্র করে তার অনুসারীদের তৎপরতা ছিল। শহরের বিভিন্ন গলিতে উচ্চ শব্দে ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
মিছিল ও পুলিশি অভিযান
গত ১ নভেম্বর ওই কিশোরকে ট্যাগ করে আরেক কিশোর ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করে। সেখানে ২০ নভেম্বর বেলা আড়াইটায় সাইকো গ্যাং কিলার (পিজিকে) ভাই ব্রাদার শোডাউন কর্মসূচির ঘোষণা দিয়ে সবাইকে আমন্ত্রণ জানানো হয়। ঘোষণাকে কেন্দ্র করে নির্ধারিত দিনে জেলা পুলিশ লাইনস ও কাশর এলাকায় কয়েকশ কিশোরকে নিয়ে মিছিল বের করা হয়। মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, দুটি মোটরসাইকেলে মিছিলের সামনে থেকে কয়েকজন ভিডিও ধারণ করতে করতে এগিয়ে যাচ্ছে। মিছিল থেকে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে স্থানীয় একটি মাঠে গিয়ে স্লোগানের মধ্য দিয়ে মিছিল শেষ হয়। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হকের সমর্থনে কিশোর গ্যাংটি মিছিল করেছে বলে বিভিন্ন ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে। তবে মিছিলটির সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের প্রত্যক্ষ সম্পৃক্ততা কিংবা নির্দেশনার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের পলাতক সদস্য হিসেবে চিহ্নিত কয়েকজনের নেতৃত্বে মিছিলটি আয়োজন করা হয়। মিছিলে অংশ নেওয়া কিশোরদের প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। মিছিলের খবর পেয়ে বিকেলে অভিযান চালিয়ে ছয় কিশোরকে আটক করে পুলিশ। তাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।
আটক ব্যক্তিদের মধ্যে দুজন নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যদের মধ্যে কেউ ফোন মেরামতের কাজ করে, কেউ অটোরিকশা মেরামত করে, কেউ জুতার দোকানে কাজ করে। একজন বাসচালকের সহকারী।
একাধিক দল সক্রিয়
ময়মনসিংহ নগরে কিশোর গ্যাংয়ের তৎপরতা নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দলের নাম, পরিচিতি ও কর্মকাণ্ড প্রকাশ্যে আসায় বিষয়টি আরও আলোচনায় এসেছে। নগরের বিভিন্ন এলাকায় সাইকো গ্যাং কিলার, ময়মনসিংহ টপ ব্রাদারহুড সিন্ডিকেট, টেরর সিন্ডিকেট ও নতুন বাজার সিন্ডিকেটসহ কয়েকটি গোষ্ঠীর নাম পাওয়া গেছে। এলাকাভিত্তিক এসব দলের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও দলবদ্ধ চলাফেরার প্রবণতা রয়েছে বলে অভিযোগ।
কখনো মোটরসাইকেল নিয়ে দলবেঁধে ঘোরাফেরা, কখনো নির্দিষ্ট এলাকায় নিজেদের উপস্থিতি জানান দেওয়া, আবার কখনো প্রতিপক্ষকে হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটছে। বিশেষ করে সন্ধ্যার পর বিভিন্ন সড়ক ও অলিগলিতে একাধিক মোটরসাইকেল নিয়ে উচ্চ শব্দে চলাচল সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। অনেক ক্ষেত্রে মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদেরও ঝুঁকিতে পড়তে হচ্ছে।
অভিযোগ রয়েছে, এসব কিশোরের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের গ্যাং পরিচয় প্রকাশ করছে। ফেসবুক প্রোফাইল, ছবি, ভিডিও ও বিভিন্ন পোস্টে দলীয় নাম ব্যবহার করে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে তারা। এতে নতুন কিশোরদের এসব দলে আকৃষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে।
অভিভাবকদের উদ্বেগ
কিশোর গ্যাংয়ের বিস্তার নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। কারণ, যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠছে, তাদের অনেকেই শিক্ষার্থী। পরিবারে স্বাভাবিক জীবনযাপন করলেও বাইরে গিয়ে তারা কার সঙ্গে মিশছে, কী করছে, কোন ধরনের কর্মকাণ্ডে জড়াচ্ছে, তা অনেক অভিভাবকের অজানা থেকে যাচ্ছে।
হামিদ উদ্দিন রোডের বাসিন্দা শফিক সরকার উদ্বেগ প্রকাশ করে জাগো নিউজকে বলেন, ‘কিশোর গ্যাংয়ের বেপরোয়া কর্মকাণ্ডে নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে মোটরসাইকেল নিয়ে মহড়া, উচ্চ শব্দে চলাচল ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করার পাশাপাশি সকলেরই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সন্তানদের নিয়ে আমরা আতঙ্কে আছি।’
রাজনৈতিক সম্পৃক্ততার প্রশ্ন
সাম্প্রতিক ঘটনায় কিশোর গ্যাংয়ের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নতুন মাত্রা যোগ করেছে। ‘সাইকো গ্যাং কিলার’ নামে পরিচিত দলটির সদস্যদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে মিছিল করার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিছিলে কয়েকশ কিশোরের অংশগ্রহণ এবং প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়ার বিষয়টি পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে উঠে এসেছে। এতে প্রশ্ন তৈরি হয়েছে, কিশোরদের এমন একটি মিছিলে সংগঠিত করার পেছনে কারা ছিলেন, কারা অর্থের জোগান দিয়েছেন, কিশোরদের রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহারের উদ্দেশ্য কী ছিল।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ নগরে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত ২৪ অপরাধীর নাম পুলিশের তালিকায় রয়েছে। এর মধ্যে ২১ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।
পুলিশের বক্তব্য
কিশোর অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি বিভিন্ন এলাকায় অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ময়মনসিংহ শহরে এ ধরনের একাধিক গোষ্ঠীর অস্তিত্বের তথ্য পাওয়া গেছে। তবে এগুলো পৃথক গোষ্ঠী, নাকি একই গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন নামে সক্রিয়, তা যাচাই করা হচ্ছে। আটক ছয়জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘সাইকো গ্যাং কিলারের সদস্যরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া, ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধমকি ও ছোটখাটো হামলার মতো অপরাধে জড়িত থাকার তথ্য পুলিশের কাছে ছিল। তাদের তৎপরতা সম্পর্কে বিস্তারিত জানতে আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নেতৃত্বে কারা রয়েছে, কারা সহযোগিতা করছে এবং গোষ্ঠীগুলোর বিস্তৃতি কতটুকু, তা খতিয়ে দেখা হচ্ছে।’
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






