ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ইটভাটা ও একটি অটো রাইস মিলকে মোট ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দিনব্যাপী জেলার বিজয়নগর ও সরাইল উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক নাজিম হোসেন শেখ, পরিদর্শক রাখিবুল হাসান, এসআরবি, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাখিবুল হাসান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী বিজয়নগর উপজেলার ইসলামপুরের মেসার্স দিয়ানা ব্রিকসকে ১০ লাখ টাকা, মেসার্স জনতা ব্রিকসকে ১০ লাখ টাকা এবং বুধন্তীর মেসার্স মোল্লা ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

এ ছাড়া বায়ুদূষণের অভিযোগে সরাইল উপজেলার শান্তিনগরে হাজী রমজান আলী অটো রাইস মিলকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ওই অর্থও তাৎক্ষণিক আদায় করা হয়েছে বলে রাখিবুল হাসান জানান।

তিনি আরও জানান, ইটভাটার মালিকদের অবৈধ ইটভাটা বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসাম দিয়ে তৈরি এফএএল-জি (FAL-G) ইট উৎপাদনের পরামর্শ দেওয়া হয়েছে।

পরিবেশ সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Source: জাগো নিউজ২৪