হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীদের দ্রুত চেক-ইন সেবা নিশ্চিত করতে সুনির্দিষ্ট অপেক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন টার্মিনালে বিজনেস ক্লাসের যাত্রীদের চেক-ইন কাউন্টারে গড়ে ৫ থেকে ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে সেবা দেওয়ার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে সেবা নিশ্চিত করতে ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে একটি কনসেশন চুক্তি সই করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। রোববার (২৯ নভেম্বর) বেবিচকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

তিনি বলেন, চুক্তিতে যাত্রীসেবার মান নিশ্চিত করতে বেশ কিছু সুনির্দিষ্ট কার্যসম্পাদন সূচক (কেপিআই) নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চেক-ইন কাউন্টারে অপেক্ষার সময় কমানোর পাশাপাশি লাগেজ সরবরাহের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, উড়োজাহাজ থামার পর ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগেজ কনভেয়ার বেল্টে সরবরাহ করতে হবে। সর্বশেষ ব্যাগেজ সরবরাহের সময়সীমা ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া টার্মিনালের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থাগুলোর কার্যকারিতা নিশ্চিত করার শর্ত রাখা হয়েছে। ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম (বিএইচএস), সমন্বিত যাত্রী প্রক্রিয়াকরণ ব্যবস্থা (কিউট), স্বয়ংক্রিয় সেলফ চেক-ইন ব্যবস্থা (কিউএসএস) এবং ফ্লাইট তথ্য প্রদর্শন ব্যবস্থা (এফআইডিএস) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ৯৫ থেকে ৯৮ শতাংশ সময় সচল রাখতে হবে।

সেবার মান ও নির্ধারিত কার্যসম্পাদন সূচক অর্জনে বারবার ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তির ভিত্তিতে প্রতিটি ব্যর্থতার জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে বলে জানান বেবিচক চেয়ারম্যান।

এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক আরও জানান, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ শেষে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে এ চুক্তি সই হতে যাচ্ছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে চুক্তিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

কনসেশন চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বেবিচক সূত্র জানায়, চুক্তি সইয়ের ১৫ দিনের মধ্যে তৃতীয় টার্মিনালের কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে কমপক্ষে ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা এবং ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং নতুন টার্মিনালে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনাল বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা নিয়ে নির্মাণ করা হয়েছে। এখানে সেলফ চেক-ইন সুবিধাসহ ১২৭টি চেক-ইন কাউন্টার, ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার এবং ১৬টি ব্যাগেজ কনভেয়ার বেল্ট রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়। তবে নানা কারণে এত দিন এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সইয়ের মধ্য দিয়ে টার্মিনালটি পরিচালনার প্রক্রিয়ায় নতুন অগ্রগতি আসছে।

Source: জাগো নিউজ২৪