ভারতের বেঙ্গালুরুতে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর এক নারীর ব্যক্তিগত ভিডিও একাধিক পর্নোগ্রাফিক ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার সাবেক প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই নারী।

গত ২৫ নভেম্বর পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। এর আগে পরিচিত কয়েকজনের কাছ থেকে জানতে পারেন, তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। অভিযোগে অন্তত ১৯টি ওয়েবসাইটের নাম উল্লেখ করা হয়েছে, যেখানে ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন তিনি।

অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন নারীটি। এ সময় তারা একসঙ্গে বসবাস করতেন। সম্পর্ক চলাকালে নিজেদের মোবাইল ফোনে বেশ কয়েকটি ব্যক্তিগত ভিডিও ধারণ করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে দুজনের মধ্যে মতবিরোধ দেখা দিলে ২০২৪ সালের আগস্টে তাদের সম্পর্কের ইতি ঘটে। এরপর নারীটি সাবেক সঙ্গীকে সব ব্যক্তিগত ভিডিও মুছে ফেলতে বলেন। তখন তিনি ভিডিওগুলো মুছে দিয়েছেন বলে আশ্বাস দিয়েছিলেন বলে অভিযোগ করেন ওই নারী।

তবে ২০২৬ সালের ৬ নভেম্বর পরিচিত কয়েকজন তাকে জানান, তার ব্যক্তিগত ভিডিও একাধিক পর্নোগ্রাফিক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পরে নিজে যাচাই করে অনলাইনে ভিডিওগুলো দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

এ বিষয়ে সাবেক সঙ্গীকে জিজ্ঞাসা করলে তিনি ভিডিওগুলো নিজের কাছে রেখেছেন এবং মুছে ফেলেননি বলে স্বীকার করেন বলে দাবি করেছেন নারীটি।

অভিযোগে ওই নারী বলেন, তার সম্মতি ছাড়া ব্যক্তিগত ভিডিও সংরক্ষণ ও ছড়িয়ে দেওয়ার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন এবং তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে। পুলিশের কাছে ওয়েবসাইটগুলোর লিংক জমা দিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুর দক্ষিণ-পূর্ব বিভাগের সিইএন থানায় মামলা করা হয়েছে।

তথ্যসূত্র: জাগো নিউজ ইন্টারন্যাশনাল ও এনডিটিভি।

Source: জাগো নিউজ২৪