যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন সরকারের চার মন্ত্রী-প্রতিমন্ত্রী। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে অভয়নগর উপজেলায় অবস্থিত ২১ ভেন্ট স্লুইচ গেট পরিদর্শন করেন তারা। স্লুইচ গেটের বর্তমান পরিস্থিতি দেখার পর স্থানীয় ভবদহ কলেজ মাঠে স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্য দেন এই চারজন মন্ত্রী-প্রতিমন্ত্রী। তারা ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

এ সময় বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসাদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গণি। বক্তৃতায় তারা ভবদহের জলাবদ্ধতা সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিকতার কথা তুলে ধরেন।

গত ১৭ বছরে একদল চুরি করে খেয়েছে দাবি করে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল, গরিবের দল, কৃষক শ্রমিকের দল। এই ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে বিএনপি সরকারের আমলেই।’ মন্ত্রী বলেন, ‘যশোর এলাকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে এলাকার অধিকাংশ জমি যেন পুনরায় চাষাবাদের আওতায় আনা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এ সমস্যা সমাধানে মন্ত্রিসভার একাধিক সদস্যও আন্তরিকভাবে কাজ করছেন।

আওয়ামী লীগ গুম খুনের সঙ্গে থাকলেও জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না মন্তব্য করে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘গত ১৭ বছর জলাবদ্ধতার দাবি করেও জনগণের দুঃখ দুঃদর্শা থেকে মুক্তি দিতে পারেনি আওয়ামী লীগ। তারা ব্যক্তিস্বার্থে রাজনীতি করেছে। তারা গুম খুনের সঙ্গে থাকলেও জনগণের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল না।’

ভবদহ অঞ্চলের চলমান প্রকল্প শেষ হলে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ মিলবে বলে আশাবাদ ব্যক্ত করে পানিসম্পদ মন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসনে চলমান ৮১ কিলোমিটারের নদী খননের প্রকল্পটি জুন মাস নাগাদ শেষ হবে। পাশাপাশি আমডাঙ্গায় নতুন করে খাল খনন, শিবসা নদীর পানির ধারাবাহিকতা ঠিক রেখে আরও প্রায় ৯০ কিলোমিটার নতুন করে খননের পরিকল্পনা রয়েছে। চলতি ও আগামী অর্থবছরের মধ্যে বাকি কাজ শেষ করার আশা করা হচ্ছে। এতে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের খাল খনন কর্মসূচি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ। চলমান ৮১ কিলোমিটার ও অতিরিক্ত ৪৫ কিলোমিটারের কাজ গত অর্থবছরে দৃশ্যমান হয়েছে। এতে এলাকার মানুষ কিছুটা সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অবহিত এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ভবদহ ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবেন বলেও জানান মন্ত্রী।

এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসাদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গণি প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে দুপুরে ভবদহ স্লুইচ গেইট পরিদর্শনকালে গেট প্রাঙ্গণে অবস্থান নেন জলমগ্ন ভবদহ এলাকার ভুক্তভোগী বাসিন্দারা। এ সময় তারা ‘পানি সরাও, মানুষ বাঁচাও’, ‘অবিলম্বে টিআরএম বাস্তবায়ন চাই’, ‘সেচ প্রকল্প বাতিল চাই’, ‘নদী খনন এবং টিআরএম একই সঙ্গে করতে হবে’— এসব স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় উপস্থিত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ভুক্তভোগীদের কথা শোনেন। তারা প্রতিশ্রুতি দেন স্থানীয়দের মতামতের ভিত্তিতেই স্থায়ী সমাধানের।

এদিকে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত এ সভায় চার মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। ৩০০ কোটি টাকার প্রকল্পটির আওতায় যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার ২১টি উপজেলায় জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশবান্ধব সেচব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের অন্যতম লক্ষ্য জলাবদ্ধ বিলগুলো থেকে পানি নিষ্কাশনের মাধ্যমে ৫ হাজার ২০০ হেক্টর জমি চাষাবাদের উপযোগী করা। পাশাপাশি খাল পুনঃখনন, ফসলরক্ষা বাঁধ নির্মাণ, পুকুর পুনঃখনন, সোলার পাম্প স্থাপন, হাইড্রোলিক অবকাঠামো নির্মাণ এবং আধুনিক সেচপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেচসুবিধা সম্প্রসারণ করা। প্রকল্পের প্রস্তাবনায় মোট ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচসুবিধা সম্প্রসারণের লক্ষ্য উল্লেখ করা হয়েছে। এর ফলে বছরে অতিরিক্ত ৭০ হাজার ৬০৯ মেট্রিক টন খাদ্য উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে।

সভায় কেশবপুর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী, মণিরামপুর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, কৃষি সচিব সেলিম খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার কাজী রফিকুল ইসলাম, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Source: জাগো নিউজ২৪