বাল্যবিবাহ নির্মূল করতে সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বাল্যবিবাহ নির্মূলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার হিসেবে অভিহিত করে বলেন, এ জন্য সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে। সবার সচেতনতা ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ কঠিন হবে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত ‘বাল্যবিবাহ নির্মূলে জাতীয় কর্মপরিকল্পনা নিয়ে আন্তমন্ত্রণালয় সংলাপ ও কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সব মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে প্রতিটি মন্ত্রণালয় পৃথক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে। তবে সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করলে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে। আর্থিক সীমাবদ্ধতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বরাদ্দ ও অর্থের সর্বোচ্চ ব্যবহার করে কীভাবে জনকল্যাণ নিশ্চিত করা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, সুশীল সমাজ, এনজিও, উন্নয়ন সহযোগীসহ সমাজের সর্বস্তরের মানুষ সরকারের সঙ্গে একযোগে কাজ করলেই দেশ থেকে বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে।

কর্মশালায় বক্তারা জানান, দেশে বর্তমানে ৪৭ দশমিক ২ শতাংশ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বাল্যবিবাহের শিকার হন। ১৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে বাল্যবিবাহের হার কমলেও ১৮ বছরের নিচে বাল্যবিবাহের হার তুলনামূলকভাবে বেড়েছে।

বক্তারা আরও জানান, দেশের ৪ হাজার ৮৮৩টি ইউনিয়নে বর্তমানে কিশোর-কিশোরী ক্লাব পরিচালিত হচ্ছে। প্রতিটি ক্লাবে ১০ থেকে ১৯ বছর বয়সী ৩০ জন করে সদস্য রয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে এসব ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্লাবগুলোর উদ্যোগে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৫ হাজার ২৯৫টি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম, বাংলাদেশে ইউএনএফপিএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং এবং ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি এমানুয়েল আব্রিউ।

উচ্চপর্যায়ের এই সংলাপে সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিনিধিরা অংশ নেন।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪