আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। টানা তিন দিনের সংলাপে ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। প্রথম দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি। সংলাপে সূচনা বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত ইউপি নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছে রাজনৈতিক দলগুলো। এ জন্য ইসিকে নিরপেক্ষ থাকার কথাও জানিয়েছেন দলগুলোর নেতারা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ চৌধুরী চন্দন বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার বিষয়টি তাঁরা বলে আসছেন। তাঁর মতে, এটি শক্তিশালী করার মাধ্যমেই তৃণমূলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। বর্তমান সমাজে ১০০ শতাংশ নির্বাচন সুষ্ঠু হবে—এমনটি বলা যাবে না বলে মন্তব্য করেন তিনি। তবে সরকারি প্রভাবমুক্ত থাকলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব বলে উল্লেখ করেন কাজী সাজ্জাদ চৌধুরী।
তিনি আরও বলেন, যতগুলো নির্বাচন হচ্ছে, সেগুলো খুব ভালোভাবে হচ্ছে—এটা বলা যাবে না। তৃণমূলের মানুষ এই নির্বাচনে অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। নির্বাচনে জামানতের টাকা কমানোর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। তাঁর অভিযোগ, যারা কালো টাকার মালিক তারাই নির্বাচনে অংশ নিচ্ছে; আর ভালো মানুষ আর্থিক সংকটের কারণে অংশ নিতে পারছে না। তিনি বলেন, নির্বাচনে টাকার খেলা হয়। এখন মেম্বার পদপ্রার্থীও নাকি ৪০ থেকে ৫০ লাখ টাকা খরচ করেন; চেয়ারম্যান পদপ্রার্থী এক থেকে দুই কোটি টাকা খরচ করেন। নির্বাচনে ব্যয়ের বিষয়টি বিবেচনা করার দাবি জানান তিনি। ভোটের আগে ভোটারদের কাছে টাকা চলে যাচ্ছে—এটা আটকাতে হবে এবং ভোটে কালো টাকার ব্যবহার বন্ধ করতে হবে বলে মত দেন কাজী সাজ্জাদ চৌধুরী। ইসি দল নিরপেক্ষভাবে ভূমিকা নিলে ভালো হবে বলেও তিনি মন্তব্য করেন।
জাতীয় পার্টির (জেপি) যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার বলেন, পোলিং এজেন্টদের শেষ পর্যন্ত কেন্দ্রে থাকতে দিতে হবে। অনেক সময় প্রচারণাকে কেন্দ্র করে সহিংসতা হয় বলে তিনি মন্তব্য করেন। নির্বাচনকালীন এসব ঘটনা দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। জেপি সব সময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী বলে জানিয়ে তিনি বলেন, ইউপি নির্বাচনে গঠনমূলক সহায়তা করবেন তাঁর দল।
গণতান্ত্রিক পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শহিদুল্লাহ শিকদার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ করতে কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন করতে হবে। গরিব মানুষও যেন নির্বাচিত হয়ে আসতে পারে, সেই পরিবেশ তৈরি করার দাবি জানান তিনি। নির্বাচনের সময় প্রশাসন ইসির অধীনে থাকে উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনকে দল নিরপেক্ষ নির্বাচন করতে হবে এবং সব দলের জন্য সমান সুযোগ-সুবিধা থাকতে হবে। বাংলাদেশ শুধু কয়েকটি দলের নয়, এটি ১৮ কোটি মানুষের দেশ বলেও মন্তব্য করেন অধ্যাপক শহিদুল্লাহ শিকদার।
বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ফয়জুর রহমান মৃধা বলেন, নির্বাচনকালীন কমিশনের দায়িত্ব অনেক। ইসি তাদের অর্পিত দায়িত্ব পালন করলে সুষ্ঠু পরিবেশ তৈরি হবে বলে তিনি মনে করেন। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগের প্রস্তাব দেন তিনি। গুজব বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিরোধে মনিটরিং সেল গঠনের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। কেন্দ্রে সঙ্গে সঙ্গেই ফলাফল প্রকাশের দাবি জানান ফয়জুর রহমান মৃধা। নির্বাচনের আগে পেশাজীবীদের সঙ্গে শান্তিপূর্ণ সংলাপের ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। নিরপেক্ষ নির্বাচনি কর্মকর্তা নিয়োগ এবং ভোটে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব বন্ধের দাবি জানান এই নেতা।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






