কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নড়াইল-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ রোববার ভোর ৫টা থেকে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ এই পথে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
২৯ ও ৩০ নভেম্বর সারা দেশে কর্মসূচির ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এই কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় আজ রোববার সকাল থেকে পদ্মা সেতু হয়ে নড়াইল-ঢাকা রুটে নতুন করে টিকিট বিক্রিও বন্ধ রেখেছে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ।
সোহাগ পরিবহনের ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম গুলু জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ রোববার সকাল থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
নড়াইল বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী হাসান জানান, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় নড়াইল হয়ে ঢাকা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে গতকাল শনিবার সন্ধ্যার পর কাশিয়ানী উপজেলার ভাটিয়া পাড়ায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগ।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






