দিনাজপুরের পার্বতীপুর ও বিরলে রেললাইনে আগুন জ্বালিয়ে এবং বোমাসদৃশ বস্তু রেখে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে ট্রেন চালকদের তাৎক্ষণিক সতর্কতা ও দক্ষতার কারণে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুটি আন্তঃনগর ট্রেন। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা থেকে সোয়া ১১টার মধ্যে দিনাজপুরের পার্বতীপুরের ভবানীপুর স্টেশনের কাছে ও বিরলের কাঞ্চন জংশনে রেললাইনের ওপর এসব ঘটনা ঘটে।

রেলওয়ে জিআরপি থানা সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে পার্বতীপুর উপজেলার ভবানীপুর রেলস্টেশনের কাছে রেললাইনে টায়ার জ্বালিয়ে রাখে কে বা কারা। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে চালক ট্রেনটি থামিয়ে দেন। পরে ট্রেনের স্টাফরা লাইনের ওপরের আগুন নিভিয়ে চলাচল স্বাভাবিক করেন।

অন্যদিকে, রাত সোয়া ১১টার দিকে বিরল উপজেলার কাঞ্চন জংশনে রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে লাল পতাকা টানিয়ে দুটি বোমাসদৃশ বস্তু রেখে যায় দুর্বৃত্তরা। দূর থেকে আগুন দেখতে পেয়ে ট্রেনের চালক হিরু মিয়া সতর্কতার সঙ্গে ট্রেন থামান। পরে যাত্রীদের মধ্যে আতঙ্ক এড়াতে কৌশলে বস্তু দুটি দিনাজপুরে নিয়ে এসে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করেন।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার জিয়াউর রহমান জিয়া বলেন, বস্তুগুলোর ভেতরে বালুর মতো পদার্থ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এগুলো রাখা হয়েছিল।

দিনাজপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, কে বা কারা রেললাইনে আগুন জ্বালিয়ে ও বোমাসদৃশ বস্তু রেখে নাশকতার চেষ্টা করেছিল। চালকদের সতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তিনি আরও জানান, বস্তুগুলো প্রকৃত বোমা নয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেললাইনে নাশকতা প্রতিরোধে রেলওয়ে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত শেষে বলা যাবে কারা এই ঘটনা ঘটিয়েছে।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪