কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে অবৈধভাবে মজুত করে রাখা ৮২ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার মিঠামইন সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় মো. মোখলেছুর রহমানের সারের গোডাউনে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন মিঠামইন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি গোডাউনে অবৈধভাবে সার মজুত করে রাখার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। পরে গোডাউনে তল্লাশি চালিয়ে ৮২ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা বলে জানিয়েছে প্রশাসন।

অভিযানকালে গোডাউনের মালিক মো. মোখলেছুর রহমানের কাছে সার মজুত ও বিক্রির বৈধ ডিলার লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান ভ্রাম্যমাণ আদালত। তবে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে সার ব্যবস্থাপনা আইনে তাঁকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উদ্ধার করা সার জব্দ না রেখে স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবারের (৩০ নভেম্বর) মধ্যে এসব সার কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

মিঠামইন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি অবৈধভাবে সারগুলো মজুত করে রেখেছিলেন। তাঁর কাছে ডিলার লাইসেন্সসহ প্রয়োজনীয় কোনো কাগজপত্র না থাকায় সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা সার আগামীকালের মধ্যে স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের কৃত্রিম সংকট ও অবৈধ মজুত প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Source: জাগো নিউজ২৪