প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে আলাদা একটি আদেশ জারি করা হয়েছে। অন্যদিকে, খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মু. জসীম উদ্দিন খান।
রোববার (২৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব নিয়োগ ও বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই রদবদলের আওতায় খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। হাইটেক পার্ক কর্তৃপক্ষের নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাসুদ আলম। এ জন্য তাঁর চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সোহেলুর রহমান খানকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক করা হয়েছে। এ জন্যও তাঁর চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী
Source: জাগো নিউজ২৪






