জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এ সাক্ষাৎ হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।
সাক্ষাতে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে ফেরার মতো পরিবেশ তৈরি এবং সে জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত ভূমিকা নিয়ে কথা হয়।
প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। কিন্তু সংকটের স্থায়ী সমাধান হলো রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ দরকার বলে মত দেন তিনি।
ইউএনএইচসিআর প্রধান রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেন।
তথ্যসূত্র: প্রথম আলো






