বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অধিদপ্তরের বুধবারের (২৩ সেপ্টেম্বর) পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৮০ কিলোমিটার, মোংলা থেকে ৭২০ কিলোমিটার এবং পায়রা থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল। আরও পশ্চিম-উত্তর-পশ্চিমে এগিয়ে এটি বুধবার রাতের মধ্যে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠছে। কেন্দ্রের কাছে সাগর বেশ উত্তাল।

নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশজুড়ে বৃষ্টি বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা আছে। পূর্বাভাস বলছে, শনিবার পর্যন্ত কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে; রোববার থেকে বৃষ্টি কমে আসার আভাস রয়েছে।

রংপুর, দিনাজপুর ও সৈয়দপুরের ওপর দিয়ে বয়ে চলা মৃদু তাপপ্রবাহ কমে আসতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট