চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে। ফল তৈরির কাজ এরই মধ্যে শুরু হয়েছে বলে বুধবার (২৩ সেপ্টেম্বর) জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা কিছুটা দেরিতে শেষ হয়। তবে খাতা মূল্যায়নে বাড়তি পরীক্ষক নিয়োগ দেওয়ায় সম্ভাব্য সময়ের মধ্যেই ফল প্রকাশ করা যাবে বলে আশা করছে বোর্ড।

এবারের পরীক্ষা শুরু হয় ২ জুলাই, শেষ হয় ৮ আগস্ট। দুর্যোগে স্থগিত কয়েকটি পরীক্ষা পরে নেওয়ায় চট্টগ্রাম বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে নয়টি সাধারণ বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা বোর্ডে, ৩ লাখ ৩৯৩ জন।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট