স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচিতে প্রাথমিকভাবে ৩৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, এলজিইডির সদর দপ্তর ও নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, ওয়াসা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভবনের পাশাপাশি দেশের ৬ হাজার ৫৪৪টি হাটবাজার ও গ্রোথ সেন্টারের ছাদ এ কাজে ব্যবহার করা হবে। প্রায় সাড়ে তিন হাজার ইউনিয়ন পরিষদের জন্যও অর্থ ছাড় হয়েছে। আগামী ২৭ জানুয়ারির মধ্যে কাজ শেষ করতে প্রতিষ্ঠানগুলোকে আলাদা চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি হিসাবে, ছাদে ৫ দশমিক ৫ কিলোওয়াট সক্ষমতার প্যানেল বসাতে খরচ পড়বে কমবেশি ৩ লাখ ২৬ হাজার টাকা। হাটবাজার উন্নয়নের বরাদ্দ থেকে সংশ্লিষ্ট হাটের ছাদে প্যানেল বসাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে।

লক্ষ্য হলো এসব ছাদ থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। প্রতিমন্ত্রী বলেন, এর অর্ধেক, অর্থাৎ ১৫০ মেগাওয়াট প্রতিষ্ঠানগুলো নিজেরা ব্যবহার করবে; বাকি ১৫০ মেগাওয়াট নেট মিটারিংয়ের মাধ্যমে ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা দরে জাতীয় গ্রিডে বিক্রি করা হবে। এভাবে তিন থেকে চার বছরের মধ্যে বিনিয়োগের অর্থ উঠে আসবে বলে আশা করছে সরকার।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট