জুলাই সনদের ১৮টি ধারা নিয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি, সনদ বাস্তবায়নের কথা বলে দলটি প্রতি পদে জাতিকে ঠকাচ্ছে এবং সংসদে দাঁড়িয়ে প্রতিদিন টিয়া পাখির মতো মিথ্যা বলছে।

আমার বাংলাদেশ (এবি) পার্টি রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জুলাই সনদের এক বছরের প্রতিশ্রুতি ও প্রত্যাশা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে। সেখানেই হাসনাত এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সালাউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীকে ফিটনেসবিহীন গাড়িতে চড়িয়ে দিয়েছেন, আর প্রধানমন্ত্রী হয়তো আপাতত তাতে খুশি। তাঁর মতে, প্রধানমন্ত্রীকে নিজে হাসপাতাল পরিদর্শন, ময়লা পরিষ্কারের তাগিদ বা ফুটপাত দেখার কাজ করতে হলে বুঝতে হবে, দায়িত্বপ্রাপ্ত কাঠামো আর কাজ করছে না।

এনসিপির এই নেতার অভিযোগ, কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর ব্যবসায়িক স্বার্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভারসাম্য নষ্ট করা হয়েছে। এতে লাভবান হচ্ছেন সালাউদ্দিন ও মীর শাহে আলমের মতো ব্যবসায়ীরা, যাঁরা ৫ আগস্টের পরে দেশে আসার পর প্রভাবশালী মন্ত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন বলে দাবি করেন তিনি।

হাসনাত আরও বলেন, নতুন করে বিএনপি সাজা লোকেরাই এখন দলটির পক্ষে সাফাই গাইছেন, অথচ আজীবন বিএনপি করে আসা নেতারা লজ্জায় ক্যামেরার সামনে আসেন না। সভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।