দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হওয়ায় ইশরাক হোসেন অস্ত্র নিয়ে মাঠে নামতে বাধ্য হয়েছেন বলে মনে করেন আখতার হোসেন। সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার সোমবার (১৯ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় করেন, পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

আখতার হোসেন বলেন, ‘ইশরাক কাণ্ডের মধ্য দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা আবারও সামনে এসেছে।’ তার অভিযোগ, দেশের নানা প্রান্তে মাদক, চাঁদাবাজি, খুন, গুম ও ধর্ষণের ঘটনা ঘটছে, অথচ এসব ঠেকাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর ভূমিকা চোখে পড়ছে না।

এনসিপির এই নেতার দাবি, মাদক নির্মূলে কাজ করা সংস্থাগুলোর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এখন অকার্যকর। সীমান্ত অরক্ষিত থাকায় সেখান দিয়ে মাদক দেশে ঢুকছে, কিন্তু তা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ করেন তিনি।

আখতার হোসেন বলেন, কেবল ইশরাক হোসেনের পদত্যাগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বদলাবে না; লোক দেখানো পদক্ষেপ বা আইওয়াশ নয়, সত্যিকারের কার্যকর উদ্যোগ লাগবে। তবে সরকারের দিক থেকে তেমন কোনো উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

পদত্যাগের নেপথ্যে ভিন্ন কোনো কারণ থাকতে পারে কি না, সে প্রশ্নও তোলেন আখতার। এনসিপির সদস্য সচিব জানতে চান, পদত্যাগের কারণ কি কেবল প্রকাশ্যে অস্ত্র দেখানো, নাকি এতে বিএনপির ভেতরের কোন্দলেরও ভূমিকা আছে।

সরকারের কাছে দাবি জানিয়ে আখতার হোসেন বলেন, আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর ভূমিকা নিতে হবে এবং সীমান্ত এমনভাবে সুরক্ষিত করতে হবে, যাতে অবৈধ মাদক কোনোভাবেই ঢুকতে না পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা কোথায়, তা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।