শারদীয় দুর্গোৎসবকে সবার আনন্দের উৎসব বলে উল্লেখ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি সরাইল উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই এমপি এ কথা বলেন।
রুমিন ফারহানা জানান, সপ্তমী থেকে দশমী পর্যন্ত পূজার দিনগুলোতে পরার জন্য গত এক মাস ধরে একটি একটি করে শাড়ি জমিয়েছেন তিনি। তাঁর মতে, ঈদে দায়িত্বের চাপ বেশি থাকে, আর পূজায় বেশি থাকে ঘোরাঘুরি ও আনন্দ।
সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই মণ্ডপে এসেছেন বলে জানান তিনি। তাঁর ভাষায়, ঈদের মতো পূজার আনন্দও আবহমান সংস্কৃতির অংশ, আর এ কারণেই এটি ‘আমাদের প্রাণের উৎসব’।
উৎসবের রং যেন আরও উজ্জ্বল হয় এবং তাতে কষ্টের কোনো ছাপ না পড়ে, তা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।






