ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এর উদ্বোধনী সমাবেশ হবে, যেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা হয়। লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সভাপতিত্ব করে বিভিন্ন বিভাগের প্রস্তুতির খোঁজ নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। উদ্বোধনী সমাবেশে নানা শ্রেণি-পেশার লাখো মানুষের সমাগম ঘটাতে সংগঠনের নেতাদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় জানানো হয়, প্রায় এক হাজার গাড়ি নিয়ে সকাল ৮টায় বহরটি রওনা দেবে। মাওয়া সড়ক ধরে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ ও বাগেরহাটের ফকিরহাট ছুঁয়ে রূপসা ব্রিজ পেরিয়ে খুলনায় ঢুকবে বহরটি। গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরাও এতে যোগ দেবেন।

যাত্রাপথে কয়েকটি স্থানে পথসভা হবে। সূচি অনুযায়ী, সকাল ৯টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবায়, বেলা ১১টায় ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে, দুপুর সাড়ে ১২টায় খুলনা মহানগরীর বাবরী চত্বরে এবং ২টায় ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে পথসভা রয়েছে।

বিকেল সাড়ে ৩টায় যশোরের মুড়লীর মোড়ে ও ৫টায় ঝিনাইদহ বাস টার্মিনালে আরও দুটি পথসভা হবে। কর্মসূচির সমাপনী সমাবেশ হবে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে, রাত সাড়ে ৮টায়।

প্রস্তুতি সভায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদসহ কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।