সরকার জনদুর্ভোগ কমানো ও অপরাধ দমনে মন না দিয়ে বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার (২০ অক্টোবর) দেওয়া এক পোস্টে তিনি তরুণদের আরেকবার জেগে ওঠার ডাক দেন।
পোস্টে তিনি লেখেন, পুলিশের এক ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কাজের অভিযোগে ৮৪ জন নারী-পুরুষ গ্রেপ্তার হয়েছেন, উদ্ধার হয়েছে বিপুল মাদক। তার মতে, এ ঘটনাই আইনশৃঙ্খলার অবনতির মাত্রা বুঝিয়ে দেয়, আর খোদ ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার বাড়িতে এমন অপকর্মে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
জামায়াত আমিরের অভিযোগ, সারা দেশে চাঁদাবাজির মহোৎসব চলছে, ছিনতাই, লুটপাট ও ডাকাতিও ভয়াবহ রূপ নিয়েছে। দ্রব্যমূল্যের চাপে মানুষের নাভিশ্বাস উঠেছে, গ্যাস-বিদ্যুতের সংকটও কাটেনি বলে উল্লেখ করেন তিনি।






