রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার অনুমতি পাননি সংগঠনটির পরিচালক মো. মঞ্জুরুল ফরহাদ ফিলিপ। ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকায় রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল বিন আজাদ স্বাক্ষরিত এক সনদপত্রে এ তথ্য জানানো হয়। ওই সনদপত্রে উল্লেখ করা হয়, হাইকোর্টের ১ নভেম্বরের আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে রিহ্যাব পরিচালক মঞ্জুরুল আবেদন করেছিলেন। তবে চেম্বার জজ আদালত তাঁর ওই আবেদন খারিজ করে দেন।

রিহ্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবদুর রাজ্জাকের দায়ের করা এক রিট পিটিশনের শুনানি শেষে গত ১ নভেম্বর হাইকোর্টের বেঞ্চ বাণিজ্য মন্ত্রণালয়ের ১৭ অক্টোবর জারি করা নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় নিয়মিত বা রুটিন কার্যক্রমের বাইরে রিহ্যাবের সভা ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এর ফলে সংগঠনটির বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা (এজিএম), আবাসন মেলা ও অন্যান্য কার্যক্রম আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

হাইকোর্টের আদেশে মন্ত্রণালয়ের নির্দেশনার কার্যকারিতা স্থগিত হওয়ার পর রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়। এখন সেই আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনও খারিজ হওয়ায় হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রয়েছে।

এ পরিস্থিতিতে রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদ সভা-সেমিনার, এজিএম, আবাসন মেলাসহ সব ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, হাইকোর্টের আদেশ বহাল থাকায় রিহ্যাবের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখা, সদস্যদের স্বার্থ রক্ষা এবং আবাসন খাতের এই গুরুত্বপূর্ণ সংগঠনের প্রাতিষ্ঠানিক কার্যক্রম সচল রাখার পথ তৈরি হয়েছে।

Source: জাগো নিউজ২৪