প্রাতিষ্ঠানিক সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) অ্যাওয়ার্ড পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের দুই প্রতিষ্ঠান—এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল)।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০২৫ অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটিকে এ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে খাদ্য ও আনুষঙ্গিক খাতে পুরস্কার পায় এএমসিএল-প্রাণ এবং প্রকৌশল খাতে আরএফএল।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগের আসরেও নিজ নিজ খাতে পুরস্কৃত হয়েছিল প্রতিষ্ঠান দুটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বিজয়ী প্রতিষ্ঠান দুটির হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
এএমসিএল-প্রাণের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল। আরএফএলের পক্ষে সম্মাননা গ্রহণ করেন কোম্পানির সচিব আমিনুর রহমান।
আইসিএসবির তথ্য অনুযায়ী, কোম্পানির বার্ষিক প্রতিবেদন ও প্রাসঙ্গিক নথি পর্যালোচনা করে স্বতন্ত্র বিচারকমণ্ডলী পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান নির্বাচন করে। এবারের আয়োজনে ২০২৫ সালের সুশাসন চর্চার পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করপোরেট গভর্ন্যান্স কোড ও সংশ্লিষ্ট বিধিবিধান পরিপালনের বিষয়টিও মূল্যায়ন করা হয়।
পুরস্কার পাওয়ার বিষয়ে চৌধুরী আতিয়ুর রাসুল বলেন, ‘একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু ব্যবসার প্রবৃদ্ধিতে নয়, সেটি কীভাবে পরিচালিত হচ্ছে তার ওপরও নির্ভর করে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়ম মেনে সিদ্ধান্ত গ্রহণকে আমরা গুরুত্ব দিই। এ স্বীকৃতি আমাদের সেই দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনে উৎসাহ দেবে।’
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






