রপ্তানি বাণিজ্যে অনলাইনে তথ্য ও নথি আদান-প্রদানের ক্ষেত্রে সাইবার জালিয়াতির ঝুঁকি বাড়ছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের প্রতারণা থেকে রপ্তানিকারকদের সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের নির্বাহীদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নতুন নির্দেশনার ফলে এখন থেকে ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো পরিবর্তন এলে তা যাচাই ছাড়া কার্যকর করা যাবে না।
যেভাবে যাচাই করতে হবে
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক হিসাবের তথ্য বা অর্থ পরিশোধের নির্দেশনায় পরিবর্তনের অনুরোধ এলে আগে থেকে ব্যবহৃত বিশ্বস্ত যোগাযোগমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তা যাচাই করতে হবে। ই-মেইল বা অন্য কোনো মাধ্যমে আসা পরিবর্তনের অনুরোধের সত্যতা নিশ্চিত না হয়ে কোনো ধরনের লেনদেন সম্পন্ন করা যাবে না।
কেন্দ্রীয় ব্যাংক তথ্য ও নথি আদান-প্রদানে নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে। সাধারণ অনুমোদনের আওতায় বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি রপ্তানি নথি পাঠানোর ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্দেশ্য, যেন নথি চুরি, তথ্য পরিবর্তন কিংবা জালিয়াতির সুযোগ তৈরি না হয়।
পাসওয়ার্ড-ওটিপি চাইলেও সাড়া নয়
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সন্দেহজনক লিংক ও অননুমোদিত অ্যাপ্লিকেশন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে পাসওয়ার্ড, ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর (পিন) কিংবা এককালীন পাসওয়ার্ড (ওটিপি) চেয়ে পাঠানো কোনো অনুরোধে সাড়া দেওয়া যাবে না।
রপ্তানি নথি জালিয়াতি, অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন কিংবা অন্য কোনো প্রতারণার ঘটনা সন্দেহ হলে দ্রুত সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংককে জানাতে হবে। জালিয়াতির ঝুঁকি মোকাবিলায় এ ধরনের ঘটনা দ্রুত শনাক্ত ও জানানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গণমাধ্যমের প্রতিবেদনের পর উদ্যোগ
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রপ্তানি বাণিজ্যে ইলেকট্রনিক মাধ্যমে তথ্য ও নথি আদান-প্রদানের ক্ষেত্রে সাইবার জালিয়াতির আশঙ্কা বেড়েছে। বিশেষ করে রপ্তানি-সংক্রান্ত নথি জালিয়াতি এবং অর্থ পরিশোধের নির্দেশনায় প্রতারণামূলক পরিবর্তনের মাধ্যমে রপ্তানিকারকদের অর্থ হাতিয়ে নেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
সম্প্রতি এ ধরনের সাইবার জালিয়াতির ঝুঁকি নিয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত এডি ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানিকারকদের সচেতন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
Source: জাগো নিউজ২৪






