দেশের নন-লাইফ ইন্স্যুরেন্স বা সাধারণ বিমা খাতে সম্ভাবনা অনেক থাকলেও এখনো মেরিন, ফায়ার ও মোটরযান বিমার মতো কয়েকটি প্রচলিত পণ্যের মধ্যেই আটকে আছে খাতটি। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিকে সামনে রেখে এই সীমাবদ্ধতা কাটাতে নতুন বিমাপণ্য চালু, পরীক্ষা ও মানসম্মত করার পরিকল্পনা নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর মধ্যে প্যারামেট্রিক ফ্লাড ইন্স্যুরেন্স এবং দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) আইডিআরএর কার্যালয়ে ‘শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা: দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইন্স্যুরেন্স’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব জানান সংস্থার চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।
‘সম্ভাবনা বড়, পণ্য কম’
চেয়ারম্যান বলেন, বাংলাদেশের নন-লাইফ ইন্স্যুরেন্স খাতের পরিসর ও সম্ভাবনা অনেক বড়। কিন্তু নানা কারণে খাতটি মেরিন, ফায়ার ও মোটরযান বিমার মতো সীমিত কয়েকটি পণ্যের গণ্ডি পেরোতে পারছে না। অথচ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি। দুর্যোগের ঝুঁকির দিক থেকে বাংলাদেশ বিশ্বের ষষ্ঠ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে। ফলে দেশে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় বিমাপণ্য তৈরির ব্যাপক সুযোগ আছে বলে তিনি উল্লেখ করেন।
জিডিপির ০.৮ শতাংশ ক্ষতি
মীর নাদিয়া নিভিন জানান, বাংলাদেশে বন্যা ও তাপপ্রবাহসহ নানা দুর্যোগ প্রায় চক্রাকারভাবেই ফিরে আসে। প্রায় প্রতিবছরই এসব দুর্যোগে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সম্মিলিতভাবে প্রায় শূন্য দশমিক ৮ শতাংশ ক্ষতি হয়। এই ক্ষতির বড় অংশের আর্থিক দায় শেষ পর্যন্ত সরকারকে বহন করতে হয়। ভর্তুকি, পুনর্বাসন ও পুনর্গঠনে সরকারকে অর্থ ব্যয় করতে হয়। এতে অন্য উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে অর্থ সরাতে হয়, কখনো কোনো প্রকল্প স্থগিতও করতে হয়।
তিনি বলেন, দুর্যোগের এই আর্থিক দায় নিয়মিত সরকারের ঘাড়ে থাকলে অর্থনৈতিক ঝুঁকি বাড়ে এবং বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দুর্বলতা আরও প্রকট হয়। তাই সরকারের ওপর থাকা দুর্যোগের ঝুঁকি বেসরকারি খাত, বিমা ও পুনর্বিমা খাতে ছড়িয়ে দিতে হবে। এতে ঝুঁকির আর্থিক দায় বহুমুখী হবে এবং দুর্যোগ মোকাবিলায় কার্যকর সাড়া দেওয়া সহজ হবে।
প্যারামেট্রিক বিমা কীভাবে কাজ করে
আইডিআরএ চেয়ারম্যান বলেন, দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি বিমা ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের বিমাপণ্য সফলভাবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন সংস্থা, এনজিও ও সরকারি প্রতিষ্ঠান এ ধরনের পণ্য নিয়ে কাজ করছে। এর মধ্যে প্যারামেট্রিক ইন্স্যুরেন্স একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
প্যারামেট্রিক বিমার ব্যাখ্যায় তিনি বলেন, যেসব দুর্যোগের সময় ও ধরন আগে থেকেই ধারণা করা যায়, সেসব ঝুঁকি বিবেচনায় নিয়ে এ বিমাপণ্য তৈরি করা হয়। নির্দিষ্ট কিছু সূচক বা ট্রিগারের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা থাকে। এর মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
যমুনা প্রকল্পের তিন বছরের পাইলট
তিনি জানান, বিশ্বব্যাংকের সহায়তায় যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্যারামেট্রিক ইন্স্যুরেন্স নিয়ে তিন বছর মেয়াদি একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির এক বছরের বেশি সময় পার হয়েছে। ইতোমধ্যে এ উদ্যোগ থেকে বেশ কিছু অভিজ্ঞতা ও শিক্ষা পাওয়া যাচ্ছে।
তবে পাইলট প্রকল্প সফল হলেই দায়িত্ব শেষ হবে না বলে মনে করেন তিনি। প্রকল্প থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিমাপণ্যের নকশা, ঝুঁকি নির্ধারণের সূচক বা ট্রিগার এবং তথ্যের উৎস মানসম্মত করতে হবে। বিশ্বব্যাংকের কাছ থেকে পণ্য তৈরির কৌশল শেখার পাশাপাশি আইডিআরএর নিজস্ব সক্ষমতাও গড়ে তুলতে হবে, যাতে বিশ্বব্যাংকের সহায়তা শেষ হলেও এ উদ্যোগ বন্ধ না হয়ে যায়।
অভিন্ন মানদণ্ডের নির্দেশিকা
প্যারামেট্রিক ফ্লাড ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কোন কোন সূচকের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করা হবে, তা নির্দিষ্ট করা জরুরি বলে উল্লেখ করেন আইডিআরএ চেয়ারম্যান। যমুনা প্রকল্পে পানিসম্পদ বোর্ডের তথ্য ব্যবহার করা হচ্ছে। প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আইডিআরএ এসব পণ্য, ট্রিগার ও তথ্যের উৎসের জন্য অভিন্ন মানদণ্ড তৈরি করবে। এ ধরনের মানদণ্ড তৈরি হলে বেসরকারি বিমা প্রতিষ্ঠান কিংবা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়—উভয় পক্ষই একই কাঠামো অনুসরণ করে প্যারামেট্রিক বিমা চালু করতে পারবে।
তিনি বলেন, একই ধরনের বিমাপণ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন তথ্যের উৎস ও ট্রিগার ব্যবহার করলে একপর্যায়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই সবাই যাতে অভিন্ন মানদণ্ড মেনে পণ্য তৈরি ও বাজারজাত করতে পারে, সে জন্য আইডিআরএ একটি সুস্পষ্ট নির্দেশিকা দেবে।
স্যান্ডবক্সে পরীক্ষা
নতুন বিমাপণ্য উদ্ভাবনের বিষয়ে মীর নাদিয়া নিভিন জানান, আইডিআরএ ইতোমধ্যে একটি রেগুলেটরি স্যান্ডবক্স তৈরি করেছে। এর মাধ্যমে নতুন নতুন বিমাপণ্য পরীক্ষামূলকভাবে চালু ও উদ্ভাবনের সুযোগ তৈরি হবে। প্যারামেট্রিক হিট ইন্স্যুরেন্সসহ জলবায়ু ও দুর্যোগ সংশ্লিষ্ট বিভিন্ন নতুন পণ্য এ স্যান্ডবক্সের আওতায় পরীক্ষা করা হবে। পরীক্ষার মাধ্যমে কার্যকারিতা যাচাই করে পণ্যগুলোকে মানসম্মত করা হবে, এরপর বাজারে চালুর সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, এতদিন সংস্থাটি মূলত নিয়ন্ত্রণমূলক কার্যক্রমে বেশি গুরুত্ব দিয়েছে। তবে এখন বিমা খাতের উন্নয়ন অংশেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন পণ্য উদ্ভাবন, পণ্য উন্নয়ন ও মানসম্মত করার পাশাপাশি দেশের জন্য প্রয়োজনীয় নতুন বিমা খাত তৈরি নিয়ে কাজ করছে আইডিআরএ। বিশেষ করে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি বিমা এ ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে।
গণমাধ্যমের ভূমিকা
বিমা খাতের উন্নয়নে সব অংশীজনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন আইডিআরএ চেয়ারম্যান। তাঁর ভাষ্য অনুযায়ী, গণমাধ্যম এ ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। নতুন বিমাপণ্য, খাতের পরিবর্তন ও উদ্যোগ সম্পর্কে গণমাধ্যমকর্মীদের জানা এবং সেসব তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। একই সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন ও পরামর্শও প্রয়োজন।
তিনি জানান, প্যারামেট্রিক ফ্লাড ইন্স্যুরেন্স নিয়ে আলোচনার পর ভবিষ্যতে প্যারামেট্রিক হিট ইন্স্যুরেন্সসহ নতুন নতুন বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কর্মশালা আয়োজন করা হবে। কয়েক মাস পরপর এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে আইডিআরএ। এই কর্মশালার মধ্য দিয়ে শুরু হওয়া উদ্যোগটি ধারাবাহিকভাবে চলবে বলেও জানান তিনি।
যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১-এর দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কম্পোনেন্টের প্রকল্প পরিচালক কামরুল হক মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সভাপতি গোলাম মাওলা ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিআরএর পরামর্শক (জনসংযোগ) সাদিক আরমান।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






