আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানো, জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ তৈরি এবং গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

শনিবার সকালে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ৩১তম অধিবেশনের (কপ৩১) সিঙ্গাপুর প্যাভিলিয়নে এ সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সিঙ্গাপুরের পক্ষে দেশটির টেকসই উন্নয়ন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মেলভিন অং এতে সই করেন।

প্যারিস জলবায়ু চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় এ সহযোগিতা বাংলাদেশের আন্তর্জাতিক কার্বন বাজারে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি কার্বন অর্থায়ন ও পরিবেশবান্ধব বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এটি বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) বাস্তবায়নেও সহায়ক হবে।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্যারিস জলবায়ু চুক্তির আওতায় সিঙ্গাপুরের সঙ্গে এ গুরুত্বপূর্ণ অংশীদারিত্বকে বাংলাদেশ আন্তরিকভাবে স্বাগত জানায়। এ সহযোগিতা কার্বন অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি, উচ্চমানসম্পন্ন ও স্বচ্ছ কার্বন বাজারের বিকাশ এবং বাংলাদেশের জলবায়ু লক্ষ্যমাত্রা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন, জলবায়ু বিষয়ে উচ্চাভিলাষী লক্ষ্য অর্জন এবং কার্যকর বৈশ্বিক জলবায়ু কার্যক্রম এগিয়ে নিতে সিঙ্গাপুরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

সমঝোতা স্মারকের আওতায় দুই দেশ কার্বন ঋণসংক্রান্ত তথ্য, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবে। পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে কার্বন নিঃসরণ কমানোর প্রকল্পে ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করতে তারা সম্মত হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন কার্বন বাজার গড়ে উঠবে। পাশাপাশি জলবায়ুবান্ধব প্রযুক্তি হস্তান্তর, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে। এ সহযোগিতা দেশের টেকসই ও নিম্ন-কার্বন উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি জাতীয় জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনেও সহায়ক হবে।

এদিকে সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় আগামী বছর ইথিওপিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের ৩২তম অধিবেশনে (কপ৩২) বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি সইয়ের প্রত্যাশা রয়েছে। এ চুক্তির মাধ্যমে প্যারিস জলবায়ু চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় দুই দেশের সহযোগিতাকে আরও কার্যকর, প্রাতিষ্ঠানিক ও ফলপ্রসূ করার সুযোগ তৈরি হবে।

Source: জাগো নিউজ২৪