আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা, আন্তর্জাতিক অর্থ পরিশোধ পদ্ধতি, বাণিজ্য অর্থায়ন এবং রপ্তানি ঋণ নিশ্চয়তা সুবিধা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সফররত ঘানার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো এবং নাইজেরিয়ার লাগোস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইঞ্জিনিয়ার লেয়ে কুপোলেইয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন। তথ্যসূত্র: জাগো নিউজ।
ঘানার হাইকমিশনারের সঙ্গে বৈঠক
ঘানার হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তাসকীন আহমেদ বলেন, আফ্রিকার দেশগুলোতে বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। এই সুযোগ কাজে লাগিয়ে ঘানা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের বেসরকারি খাতের যোগাযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত সহযোগিতা এবং সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন।
তিনি ঘানার ফিনটেক, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), সফটওয়্যার উন্নয়ন ও ডিজিটাল উদ্ভাবনসহ তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা খাতের উন্নয়নে বাংলাদেশি উদ্যোক্তাদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, অটোমোটিভ এবং হালকা প্রকৌশল খাতের পণ্য আমদানি বাড়াতে ঘানাসহ আফ্রিকার দেশগুলোর উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশের পণ্যের চাহিদার কথা জানালেন ঘানার হাইকমিশনার
বৈঠকে ঘানার হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে তার দেশের গভীর আগ্রহ রয়েছে। ঘানার বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, ওষুধ, তৈরি পোশাক, প্যাকেটজাত খাদ্য এবং প্লাস্টিক পণ্যের উল্লেখযোগ্য চাহিদা রয়েছে।
তিনি বলেন, ঘানা স্বর্ণ ও বিরল মৃত্তিকা খনিজ উৎপাদনকারী দেশগুলোর অন্যতম। এসব পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশি উদ্যোক্তারা ঘানাকে বিবেচনায় নিতে পারেন।
বাংলাদেশের জ্বালানি তেল সংগ্রহের চ্যালেঞ্জের বিষয়টি উল্লেখ করে ঘানা থেকে তেল আমদানির সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাবও দেন তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে আন্তসীমান্ত বাণিজ্যিক লেনদেন ও অর্থ পরিশোধের জটিলতা দূর করার ওপর গুরুত্বারোপ করেন কোয়াসি আবিরি-ডানসো।
তিনি বলেন, বাণিজ্যিক লেনদেন সহজ ও গতিশীল করতে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা এবং আন্তর্জাতিক অর্থ পরিশোধের উপযুক্ত পদ্ধতি নিশ্চিত করা গেলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
নাইজেরিয়ার উদ্যোক্তাদের আগ্রহের কথা জানালেন Lagos চেম্বার সভাপতি
অন্যদিকে নাইজেরিয়ার Lagos চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইঞ্জিনিয়ার লেয়ে কুপোলেই বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়া প্রায় একই ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, আর্থিক প্রযুক্তিভিত্তিক সমাধান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সেবা আমদানিতে নাইজেরিয়ার উদ্যোক্তাদের আগ্রহ রয়েছে।
তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের নাইজেরিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ইউরিয়াসহ অন্যান্য সার, কোকো বীজ এবং কাজুবাদাম আমদানির সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান।
Source: জাগো নিউজ২৪






