জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে বিদ্যুৎ গ্রিড, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি সংরক্ষণ খাতে বছরে ন্যূনতম ১৫৬ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা প্রকাশ করেছে ইউটিলিটিজ ফর নেট জিরো অ্যালায়েন্স (ইউনেজা)। গত বছরের তুলনায় এ বিনিয়োগের পরিমাণ ৫ শতাংশ বেশি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রকাশিত ‘কপ-৩১ গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন অ্যাজেন্ডা ইলেকট্রিফিকেশন ডেলিভারি প্যাকেজে’ এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর এখন আর থামানো সম্ভব নয়। এ পরিবর্তনের গতি ও সুফল সবার কাছে পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করতে হবে।
তিনি জানান, বিদ্যুতায়ন জ্বালানি ব্যবহারের দক্ষতা বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও জ্বালানি খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে জ্বালানির সুযোগপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করতেও সহায়তা করে।
ঘোষণা অনুযায়ী, সদস্যরা ২১ হাজার কিলোমিটারের বেশি নতুন বিদ্যুৎ গ্রিড স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ পরিমাণ বিদ্যুৎ গ্রিডের দৈর্ঘ্য পৃথিবীর অর্ধেকেরও বেশি পথ অতিক্রম করার সমান।
কপ-৩১-এর ইলেকট্রিফিকেশন ডেলিভারি প্যাকেজে বিদ্যুৎ উৎপাদন, গ্রিড সম্প্রসারণ, পরিবহন, ভবন ও শিল্প খাতে বিদ্যুতায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর লক্ষ্য পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো, কার্বন নিঃসরণ কমানো এবং মানুষের জন্য সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করা।
সাইমন স্টিয়েল বলেন, ‘বিদ্যুতায়ন একটি বড় দক্ষতা বৃদ্ধির মাধ্যম। এটি গ্রিনহাউস গ্যাস দূষণ ও জ্বালানি ব্যয় কমাতে এবং জ্বালানির সুযোগপ্রাপ্তির ক্ষেত্রে গুরুতর বৈষম্য মোকাবিলায় সহায়তা করছে।’
তিনি আরও বলেন, জলবায়ু কার্যক্রমের সুফল বিশ্বের প্রতিটি দেশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সাশ্রয়ী জ্বালানি, পরিচ্ছন্ন বায়ু ও উন্নত স্বাস্থ্যব্যবস্থার মাধ্যমে কোটি কোটি মানুষ উপকৃত হতে পারেন। উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য অর্থায়ন ও প্রযুক্তি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা, ক্লাইমেট চ্যাম্পিয়নস এবং গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন অ্যাজেন্ডার সংশ্লিষ্ট অংশীদাররা যৌথভাবে এ ইলেকট্রিফিকেশন ডেলিভারি প্যাকেজ প্রকাশ করেছে।
Source: জাগো নিউজ২৪






