দেশের বাজারে সোনার দাম ধারাবাহিকভাবে কমলেও রুপার সঙ্গে এর মূল্যব্যবধান এখনো বিশাল। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে খরচ হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। একই ওজনের ও একই মানের রুপার গহনার দাম ৩ হাজার ৩৩ টাকা। অর্থাৎ এক ভরি সোনার যে দাম, তাতে ৬৪ ভরির বেশি রুপা কেনা সম্ভব।
রোববার (২২ নভেম্বর) থেকে এই দাম কার্যকর হয়েছে। বাজুসের হিসাবে, ২২ ক্যারেটে সোনা ও রুপার দামের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা।
শুধু ২২ ক্যারেটেই নয়, অন্য মানের সোনা ও রুপার ক্ষেত্রেও বড় ব্যবধান রয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, যেখানে একই মানের এক ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা। এই দুই ধাতুর দামের পার্থক্য ১ লাখ ৮৩ হাজার ৩০০ টাকা। অর্থাৎ এক ভরি ২১ ক্যারেট সোনার দামে প্রায় ৬৪ ভরি রুপা কেনা যায়।
১৮ ক্যারেটের ক্ষেত্রেও চিত্র একই। এক ভরি ১৮ ক্যারেট সোনার গহনার দাম ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা, আর একই ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৫০৮ টাকা। এতে দুই ধাতুর দামের ব্যবধান দাঁড়ায় ১ লাখ ৫৭ হাজার ৪৬৪ টাকা, এবং এক ভরি সোনার দামে প্রায় ৬৪ ভরি রুপা পাওয়া যায়।
সনাতন পদ্ধতিতে তৈরি গহনার ক্ষেত্রে এই ব্যবধান আরও বড়। এই পদ্ধতিতে এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা, এক ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা। ফলে এক ভরি সনাতন পদ্ধতির সোনার দামে প্রায় ৬৮ ভরি রুপা কেনা সম্ভব। এ ক্ষেত্রে দুই ধাতুর দামের ব্যবধান ১ লাখ ২৮ হাজার ৪২০ টাকা।
সব মিলিয়ে ক্যারেট ও মানভেদে এক ভরি সোনার দামে প্রায় ৬৪ থেকে ৬৮ ভরি রুপা কেনা যাচ্ছে। মূল্যবান ধাতুর বাজারে সোনার উচ্চমূল্যের তুলনায় রুপা এখনো অনেক কম দামে বিক্রি হচ্ছে।
Source: জাগো নিউজ২৪






