ধান সংগ্রহের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের কোনো সুযোগ রাখা যাবে না; সরাসরি কৃষকের কাছ থেকেই ধান কেনা নিশ্চিত করতে হবে। আমন মৌসুম সামনে রেখে মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু।
খাদ্যমন্ত্রী বলেন, কোনো মধ্যস্বত্বভোগী যেন কৃষকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
নিরাপদ খাদ্য ও কঠোর আইনের প্রসঙ্গ
বৈঠকে নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপরও জোর দেন খাদ্যমন্ত্রী। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন। ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্পন্ন ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা নেওয়ার পরামর্শ দেন তিনি।
পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিদ্যমান আইন আরও কঠোর করার এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার বিষয়টি তুলে ধরেন খাদ্যমন্ত্রী।
খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগের নতুন নীতি
খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দকৃত চাল বিতরণে বিশৃঙ্খলা এড়াতে সংশোধিত নীতিমালা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। নতুন নীতিমালা অনুযায়ী, আগে প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের যে বিধান ছিল, এখন প্রতি ২৫০ জন উপকারভোগীর বিপরীতে একজন করে ডিলার নিয়োগ করা হবে।
শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং তাদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল পাওয়ার সুযোগ তৈরি করতে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি শুরু হয়েছে বলে বৈঠকে জানানো হয়। এই কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারছেন, প্রতি কেজির দাম ৩০ টাকা।
প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার চাল বিক্রি হচ্ছে বলেও বৈঠকে জানানো হয়।
খাদ্যগুদামের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যমাত্রা
দেশের খাদ্যগুদামগুলোর বর্তমান ধারণক্ষমতা ২২ লাখ ৯৩ হাজার মেট্রিক টন। এই সক্ষমতা ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় কাজ করছে বলে বৈঠকে জানানো হয়।
এ প্রসঙ্গে কমিটির পক্ষ থেকে সারাদেশের খাদ্যগুদামগুলোর প্রকৃত চিত্র তুলে ধরার সুপারিশ করা হয়। যে গুদামগুলো অনেক পুরোনো এবং আর ব্যবহারযোগ্য নয়, সেগুলো সরেজমিনে পরিদর্শন করে বাতিল করার এবং প্রয়োজনে নতুন খাদ্যগুদাম নির্মাণের পরামর্শ দেওয়া হয়।
গুদামে পোকামাকড় নিয়ন্ত্রণ এবং ছত্রাকের ঝুঁকি কমানোর বিষয়েও আলোচনা হয়। এজন্য সঠিক আর্দ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহ এবং মেকানিক্যাল ভেন্টিলেশন সিস্টেম বসানোর প্রসঙ্গ উঠে আসে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, খাদ্যগুদাম নির্মাণে ইটের বদলে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড স্ট্রাকচার ব্যবহারের বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।
স্বচ্ছতা ও জবাবদিহির নির্দেশ
কমিটির সভাপতি আবদুস সালাম বলেন, বহু সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
মাঠপর্যায়ে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মের অস্তিত্ব থাকলে তা কঠোরভাবে মোকাবিলার নির্দেশনা দেন তিনি। জনগণ, দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্যও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান কমিটির সভাপতি।
একই সঙ্গে কৃষক ও ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং তাদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন আবদুস সালাম। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।
বৈঠকে কমিটির অপর সদস্যদের মধ্যে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, আবু তালেব মন্ডল, আব্দুল করিম ও শামছুন্নাহার বেগম এমপি উপস্থিত ছিলেন। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
Source: জাগো নিউজ২৪






