টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য ন্যায্য, বাস্তবসম্মত ও যুগোপযোগী নিম্নতম মজুরি কাঠামো নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটি জানিয়েছে, এ জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নিম্নতম মজুরি বোর্ডের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ অব্যাহত রয়েছে।
গত ২৪ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১২ হাজার ৫০০ টাকা। শনিবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিএমএ জানায়, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার প্রেক্ষাপটে টেক্সটাইল খাতের শ্রমিকদের জন্যও নতুন মজুরি কাঠামো প্রণয়ন জরুরি হয়ে পড়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২০২৪ সালে টেক্সটাইল শিল্পের জন্য নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল, যা ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর রয়েছে। তবে সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই একটি বাস্তবসম্মত ও যুগোপযোগী মজুরি কাঠামো গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বিটিএমএ।
সংগঠনটি জানায়, দেশের অর্থনীতি, রপ্তানি আয়, কর্মসংস্থান এবং তৈরি পোশাক শিল্পের বিকাশে প্রাথমিক বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তৈরি পোশাক ও বস্ত্র খাত পরস্পরের পরিপূরক হওয়ায় দুই খাতের শ্রমিকদের মজুরি নির্ধারণের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে তারা মনে করে।
এদিকে নতুন নিম্নতম মজুরির দাবিতে টেক্সটাইল খাতের কিছু কারখানায় শ্রমিকদের একটি ক্ষুদ্র অংশ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিটিএমএ। সংগঠনটির দাবি, এ ধরনের কর্মকাণ্ডে স্বার্থান্বেষী মহলের ইন্ধন ও উসকানি রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি শিল্প খাতে অরাজকতার কারণে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের উল্লেখযোগ্য পরিমাণ পণ্যের ক্রয়াদেশ অন্যত্র স্থানান্তরিত হয়েছে বলে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ধরনের পরিস্থিতি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে সংগঠনটি।
বিটিএমএ বলেছে, শ্রমিকদের মজুরিসংক্রান্ত দাবির বিষয়ে সরকার ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে। তাই দাবি আদায়ের নামে উৎপাদন ব্যাহত করাকে আত্মঘাতী বলে মনে করে সংগঠনটি।
সংগঠনটি সংশ্লিষ্ট শ্রমিক, শ্রমিক সংগঠন, মালিকপক্ষ ও অন্যান্য অংশীজনকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে শ্রমিকবান্ধব শিল্প গড়ে তুলতে সবার সহযোগিতায় একটি ভারসাম্যপূর্ণ ও গ্রহণযোগ্য নতুন নিম্নতম মজুরি কাঠামো প্রণয়নের প্রত্যাশা ব্যক্ত করেছে বিটিএমএ।
তথ্যসূত্র: জাগো নিউজ ইকোনমি
Source: জাগো নিউজ২৪






