দেশের বাজারে টানা তিন দফায় সোনার গহনার দাম ৪ হাজার ৭২৪ টাকা বেড়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
ভ্যাটসহ এ মানের এক ভরি সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। শনিবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। পরবর্তীতে দাম না বাড়ানো পর্যন্ত এ দামই কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।
এর আগে গতকাল শুক্রবার সর্বোচ্চ মানের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়। তারও আগে ২৬ নভেম্বর বৃহস্পতিবার আরও ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়। আজ আবার দাম বাড়ানোর ফলে টানা তিন দফায় সোনার গহনার দাম ৪ হাজার ৭২৪ টাকা বেড়েছে।
বাজুস জানিয়েছে, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার গহনার দাম বাড়ানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাজুস জানিয়েছে, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৫০৮ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ অর্থনীতি।
Source: জাগো নিউজ২৪






