অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ থাকলেও অক্টোবরে তা কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে খাদ্যে মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে বলে তিনি জানান।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে 'স্টেট অব দ্য ইকোনমি: হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড, অ্যান্ড হোয়াট ইজ টু কাম' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সরকারের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। মূল্যস্ফীতিকে অভ্যন্তরীণ ও আমদানিজনিত—এই দুই ভাগে বিবেচনা করা হচ্ছে।

বৈশ্বিক বাজারে তেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সার, পরিবহনসহ বিভিন্ন পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যয় বেড়েছে। ফলে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা সীমিত বলেও মন্তব্য করেন তিনি। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে খাদ্যপণ্য ও খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামালের ওপর শুল্ক ও কর কমানোর কথা জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, আগের শাসনামলে মূল্যস্ফীতি প্রায় ৯ দশমিক ৭০ শতাংশ ছিল। চলতি বছরের মে মাসে তা ৯ দশমিক ৪২ শতাংশে দাঁড়ায়। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৭ শতাংশে নেমে এসেছে। খাদ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে।

মূল্যস্ফীতি আরও কমানোর লক্ষ্য

অর্থমন্ত্রী জানান, সরকার মূল্যস্ফীতি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণ

স্বল্প আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। বর্তমানে ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় ২ কোটি পরিবারকে আনার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া কৃষকদের বীজ ও সারে সহায়তা, চাল বিতরণ কর্মসূচি এবং শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল অনুমোদনের কথাও বলেন অর্থমন্ত্রী। প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে সর্বজনীন স্বাস্থ্যসেবা কার্যক্রমের সূচনা এবং ওষুধশিল্পের বিকাশেও সরকার সহায়তা করবে বলে জানান তিনি।

ঋণ পরিশোধে খেলাপি হয়নি বাংলাদেশ

দেশের ঋণ পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, অতীতের ঋণের বোঝা এবং ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও প্রতিটি ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করা হচ্ছে। বাংলাদেশ কোনো ঋণে খেলাপি হয়নি। ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঋণ ব্যবস্থাপনা বিভাগ আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নাগরিকরা দেশের প্রকৃত ঋণ পরিস্থিতি এবং মাথাপিছু ঋণের হিসাব জানতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

সরকারি প্রকল্প অনুমোদনে নতুন মানদণ্ড

সরকারি প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। এগুলো হলো—অর্থের যথাযথ ব্যবহার বা ভ্যালু ফর মানি, বিনিয়োগের বিপরীতে রিটার্ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব। এসব মানদণ্ড পূরণ না করায় অনেক প্রকল্প বাতিল করা হয়েছে। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর মধ্যে যেগুলোর বাস্তবায়ন অগ্রগতি কম, সেগুলোর কিছু তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিকল্প অর্থায়নে ডলার, পান্ডা ও সামুরাই বন্ড

বেসরকারি খাতে ঋণপ্রবাহ স্বাভাবিক রাখতে বাণিজ্যিক ব্যাংকের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এ লক্ষ্যে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করছে সরকার। তিনি বলেন, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ডলার বন্ড, পান্ডা বন্ড ও সামুরাই বন্ড এবং হংকং স্টক এক্সচেঞ্জে বাংলাদেশ ইকুইটি ফান্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিকল্প অর্থায়ন ব্যবস্থা চালু হলে বাণিজ্যিক ব্যাংকের ওপর চাপ কমবে। একই সঙ্গে বেসরকারি খাতের জন্য ঋণপ্রবাহ সচল রাখা সহজ হবে।

করনীতি ও কর আদায় আলাদা হচ্ছে

করব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, কর নীতি প্রণয়ন ও কর আদায়ের কার্যক্রম আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কর-জিডিপি অনুপাতেও ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।

পুঁজিবাজার ও শিল্পের উন্নয়ন

পুঁজিবাজারের উন্নয়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বাজারকে আরও স্বচ্ছ ও বাজারভিত্তিক করতে অনলাইন এবং রিয়েল-টাইম কার্যক্রম চালুর পাশাপাশি বিভিন্ন প্রক্রিয়া সহজ করার কাজ চলছে। ইলেকট্রনিক্স শিল্পের বিকাশে কর ছাড় দেওয়ার সুফলও পাওয়া যাচ্ছে। তাঁর ভাষ্য, কর ছাড়ের ফলে ইতোমধ্যে ১৬টি প্রতিষ্ঠান উৎপাদনে গেছে।

জ্বালানি খাতে নবায়নযোগ্য শক্তির পাশাপাশি দেশের নিজস্ব কয়লা সম্পদ ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে বড় অবকাঠামো প্রকল্প এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানান তিনি। সেমিনারে অর্থনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪