দেশের চামড়া শিল্পের টেকসই উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্প সংশ্লিষ্ট সব বাণিজ্য সংগঠনের মধ্যে সমন্বয় গড়ে তোলার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ’ (এলএফবি)। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অলাভজনক জাতীয় শিল্প-উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে এর যাত্রা শুরু হয়।

এলএফবির সভাপতি সাদাত হোসেন সেলিম অনুষ্ঠানে বলেন, চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) গুরুত্বপূর্ণ হলেও এটি সব সমস্যার একমাত্র সমাধান নয়। তাঁর মতে, ইটিপিই একমাত্র সমাধান হলে খুলনার সুপার এক্স লেদারের মতো প্রতিষ্ঠান আজ সংকটে পড়তো না। তিনি আরও বলেন, যারা বাস্তবে চামড়া শিল্পকে টিকিয়ে রেখেছেন, সেই উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কেমিক্যাল সরবরাহ, আমদানি-রপ্তানিসহ ব্যবসায়িক কার্যক্রমে কার্যকর সরকারি সহায়তা দিতে হবে।

সংগঠনের মহাসচিব ও প্রতিষ্ঠাতা এম মুফাজ্জল ইবনে মাহফুজ বলেন, চামড়া শিল্পের সব খাত, বাণিজ্য সংগঠন, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলাই এলএফবির অন্যতম লক্ষ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটি পরিকল্পিতভাবে কাজ করবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার এ ফাত্তাহ আল মঞ্জুর আসিফ। তিনি বলেন, দেশে নিজস্ব কাঁচামাল ও কর্মঠ জনশক্তি থাকা সত্ত্বেও দক্ষ মধ্যম সারির জনবলের অভাব, আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের জটিলতায় বিশ্ববাজারে কাঙ্ক্ষিত হিস্যা পাওয়া যাচ্ছে না। তিনি জানান, এসব ঘাটতি পূরণে ছয়টি স্থায়ী প্রোগ্রাম উইংয়ের মাধ্যমে কাজ করবে এলএফবি।

প্রথম বছরের কর্মপরিকল্পনায় এক হাজার কর্মীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ৩০টি কারখানাকে ‘মডেল গ্রিন ফ্যাক্টরি’ হিসেবে গড়ে তোলা এবং শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তা বৃত্তি চালুর ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ তৈরিতে বিভিন্ন বিদেশি সংস্থার সঙ্গে কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ও বন্ধ কারখানা চালুর জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল, স্বতন্ত্র চামড়া মন্ত্রণালয় বা শক্তিশালী লেদার বোর্ড গঠনসহ দেশের চামড়া শিল্পের উন্নয়ন ও সংকট নিরসনে ১৩ দফা প্রস্তাব দিয়েছে এলএফবি। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—

  • সাভারের সিইটিপি আধুনিকায়নের পাশাপাশি নতুন দুটি সিইটিপি নির্মাণ;
  • এক থেকে দুটি বিশেষায়িত লেদার গুডস ও ফুটওয়্যার ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন;
  • চার থেকে পাঁচটি নতুন চামড়া শিল্পাঞ্চল স্থাপন;
  • পূর্ণাঙ্গ লেদার-ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা;
  • সারাদেশে ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণ হাব ও কোল্ড স্টোরেজ নির্মাণ;
  • সরকারি বিভিন্ন বাহিনীর জুতা ও আনুষঙ্গিক পণ্যে দেশি চামড়া ও পাটের ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব।

সংগঠনের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান চামড়া ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি ও ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের ওপর জোর দেন। সহসভাপতি মাওলানা মাহবুবুল হক বলেন, কওমি মাদরাসাসহ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কোরবানির চামড়া সংগ্রহ ও বিক্রির গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি বলেন, শুধু লবণ প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ না থেকে চামড়া সংরক্ষণ ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা, চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক সমিতি ও বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ চামড়া শিল্পের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: জাগো নিউজ অর্থনীতি।

Source: জাগো নিউজ২৪