দেশে বাজারভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে আর্থিক ও বাণিজ্যিক লেনদেন রিয়েল-টাইমে সম্পন্ন করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান-প্রদানের সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে ব্যবসার খরচ কমবে, স্বচ্ছতা বাড়বে ও অনিয়মের সুযোগ বন্ধ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে স্থানীয় এলসি-সংক্রান্ত লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট (বার্তা)’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকার মুক্তবাজার অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে বাজারভিত্তিক ব্যবসা ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে।
তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগের সঙ্গে তাল মেলাতে প্রতিটি লেনদেন রিয়েল-টাইমে সম্পন্ন করা প্রয়োজন। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যব্যবস্থার মধ্যে আন্তঃসংযোগ বা ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করতে হবে।
আগে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সিস্টেম আলাদাভাবে পরিচালিত হওয়ায় সমন্বয়ের ঘাটতি ছিল বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিমা নিয়ন্ত্রক সংস্থা ও বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য ও লেনদেনের সমন্বিত ব্যবস্থা না থাকলে তাৎক্ষণিকভাবে কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
আমির খসরু বলেন, নতুন অনলাইন প্ল্যাটফর্ম নিবিড় তদারকি, স্বচ্ছতা নিশ্চিত করা, সময় সাশ্রয় ও ব্যবসা পরিচালনার খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় মূল্য সংযোজন বাড়াতেও সহায়ক হবে।
একই ধরনের কার্যক্রম চট্টগ্রাম বন্দরেও পরিচালিত হবে বলে জানান তিনি।
বিমা ও পুঁজিবাজারের সংস্কার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিমা খাতে অনিয়ম ও অপব্যবহারের কারণে দাবি পরিশোধে বিলম্ব, বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনায় জটিলতা এবং সরকারি রাজস্ব ও প্রিমিয়াম আদায়ে ক্ষতি হয়েছে। বিশেষ করে কাভার নোট ও প্রিমিয়াম পরিশোধসংক্রান্ত অনিয়ম এবং ব্যাক টু ব্যাক এলসির অপব্যবহার বন্ধে বাংলাদেশ ব্যাংক ও বিমা নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
পুঁজিবাজারেও স্বচ্ছতা ও তদারকি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউজগুলোর মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হবে। এতে যোগসাজশ ও অনিয়মের সুযোগ বন্ধ করা সম্ভব হবে।
রাজস্ব আয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আয় বৃদ্ধি ছাড়া বিনিয়োগ, বাণিজ্য ও সামাজিক কর্মসূচির মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব নয়। এ লক্ষ্যে অটোমেশন ও সংস্কার কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকার প্রশংসা করেন তিনি।
সংস্কার বাস্তবায়নে সব অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে আমির খসরু বলেন, কাস্টমস ও এনবিআরসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও জনকল্যাণে প্রয়োজনীয় কঠিন সিদ্ধান্ত নিতে সরকার প্রস্তুত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এ সময় বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: জাগো নিউজ ইকোনমি
Source: জাগো নিউজ২৪






