দেশের বাজারে সোনার গহনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে দুই হাজার ৬২৪ টাকা। ভ্যাটসহ এই মানের এক ভরি সোনার গহনার দাম এখন নির্ধারণ করা হয়েছে দুই লাখ এক হাজার ৫৫৪ টাকা।
শনিবার (২৮ নভেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, ভ্যাটসহ অন্যান্য মানের সোনার দামও বাড়ানো হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দুই হাজার ৫০৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯২ হাজার ৫১৪ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দুই হাজার ৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।
এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল এক লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। সেদিন ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৯৯২ টাকা বাড়িয়ে এক লাখ ৯০ হাজার সাত টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে এক লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৭০০ টাকা বাড়িয়ে এক লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়।
সাম্প্রতিক সময়ে সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। গত ২৬ নভেম্বর ২২ ক্যারেটের সোনার দাম এক হাজার ৫০ টাকা বাড়ানো হয়। তার আগের দিন ২৫ নভেম্বর দাম কমানো হয়েছিল দুই হাজার ৮৫৮ টাকা। তবে ২৪ নভেম্বর এক হাজার ৫৭৫ টাকা এবং ২৩ নভেম্বর তিন হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়। এখন আবার দাম বাড়ানো হলো।
সোনার দাম বাড়ানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম দুই হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম দুই হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম এক হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ ইকোনমি
Source: জাগো নিউজ২৪






