দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে লোকাল লেটার অব ক্রেডিট (এলসি) সংক্রান্ত তথ্য আদান-প্রদান দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করতে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’—সংক্ষেপে ‘বার্তা’ নামের এ ব্যবস্থার মাধ্যমে ব্যাংকগুলো তাৎক্ষণিকভাবে লোকাল এলসি-সংক্রান্ত তথ্য বিনিময় করতে পারবে।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ প্ল্যাটফর্মের মাধ্যমে মাস্টার এক্সপোর্ট এলসি বা চুক্তির বিপরীতে খোলা লোকাল ও ব্যাক-টু-ব্যাক এলসির তথ্য আদান-প্রদান করা হবে। এতে রপ্তানিমুখী শিল্পের পশ্চাৎমুখী সংযোগ শিল্প (ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি) সরাসরি উপকৃত হবে। একইসঙ্গে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা বাড়বে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের তদারকি আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএআরটিএ (বার্তা)-তে এপিআইভিত্তিক যাচাইকরণ, টোকেনভিত্তিক প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভিপিএন, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (ন্যাট) ও ফায়ারওয়ালের সমন্বয়ে বহুস্তরীয় নিরাপত্তাব্যবস্থা রয়েছে। ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে চালু থাকবে টু-ফ্যাক্টর অথেনটিকেশন। পাশাপাশি প্রতিটি ব্যাংকের তথ্য পৃথকভাবে সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে।
এ প্ল্যাটফর্মে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা শুধু তথ্য পর্যবেক্ষণের সুযোগ পাবেন। কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করতে পারবেন না। বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠিত পৃথক ও নিরাপদ আইটি নেটওয়ার্ক বা এক্সট্রানেটের মাধ্যমে তথ্য আদান-প্রদান হবে। প্রতিটি যোগাযোগে তিন স্তরের অনুমোদন ব্যবস্থা থাকবে।
বিএআরটিএ (বার্তা) পুরোপুরি বাস্তবায়িত হলে লোকাল এলসির তথ্য সংগ্রহে ব্যাংকগুলোর ওপর বাংলাদেশ ব্যাংকের নির্ভরতা কমবে। এতে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার হবে, রপ্তানি বাণিজ্য গতিশীল হবে এবং পশ্চাৎমুখী সংযোগ শিল্পের উন্নয়ন ত্বরান্বিত হবে। এ ছাড়া প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে অপরিশোধিত রপ্তানি আয়ের পরিমাণ কমবে এবং রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়বে।
নতুন ব্যবস্থার মাধ্যমে বছরে প্রায় ৬ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
প্রাথমিক পর্যায়ে লোকাল এলসির তথ্য আদান-প্রদানে বার্তার পাশাপাশি সুইফট ব্যবস্থাও চালু থাকবে। পরবর্তী সময়ে বার্তা পুরোপুরি কার্যকর ও স্থিতিশীল হলে পর্যায়ক্রমে সুইফটভিত্তিক তথ্য আদান-প্রদান ব্যবস্থা প্রত্যাহার করা হবে।
তথ্যসূত্র: জাগো নিউজ অর্থনীতি।
Source: জাগো নিউজ২৪






