দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৯৮ জন। শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন, চট্টগ্রামে একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশন ছাড়া) একজন এবং রাজশাহী বিভাগের (সিটি করপোরেশন ছাড়া) একজন রয়েছেন।

একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ২৫২ জন, চট্টগ্রাম বিভাগের ২৩২ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশন ছাড়া) ২৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪১ জন, খুলনা বিভাগের ৩৫৯ জন, ময়মনসিংহ বিভাগের ৭৫ জন, রাজশাহী বিভাগের ১৪১ জন, রংপুর বিভাগের ৫১ জন এবং সিলেট বিভাগের সাতজন।

নতুন এই ভর্তির হিসাব যুক্ত হওয়ায় চলতি বছর দেশজুড়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর মোট সংখ্যা এক লাখ ২১ হাজার ৬৯৯ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭৬ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৫ হাজার ১৩২ জন।

Source: জাগো নিউজ২৪