প্রতিবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসবের আবহ তৈরি হয়। কৃতকার্য শিক্ষার্থীদের পাশাপাশি তাদের কনিষ্ঠ সহপাঠী ও ছোট ভাই-বোনেরাও যোগ দেয় আনন্দে। চিৎকার-চেঁচামেচি, গলাগলি ধরে উচ্ছ্বাস, ছবি তোলা আর সেলফির ভিড়ে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।
তবে রাজধানীর ঐতিহ্যবাহী নটরডেম কলেজে এ বছর সেই চেনা চিত্র দেখা যায়নি। শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হলেও কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উচ্ছ্বাস বা আনন্দ উদযাপনের কোনো দৃশ্য চোখে পড়েনি। ক্যাম্পাস ঘুরে এমন পরিস্থিতিই দেখা গেছে।
কলেজের মূল ফটকে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা গণমাধ্যমকর্মীদের ভেতরে প্রবেশের অনুমতি দেন। কিন্তু ভেতরে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না বললেই চলে। বিশেষ করে কৃতকার্য শিক্ষার্থী কিংবা একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাউকেই সেখানে দেখা যায়নি। ফলে ফল প্রকাশকে ঘিরে প্রতিবছর যে আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ, এ বছর তার কোনো চিহ্ন ছিল না।
শিক্ষার্থীদের অনুপস্থিতি থাকলেও গণমাধ্যমকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিবছর এইচএসসির ফল প্রকাশের পর নটরডেম কলেজের শিক্ষার্থীদের আনন্দ-উল্লাসের ছবি ও সংবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। এ কারণে এবারও বিভিন্ন গণমাধ্যমের ফটোসাংবাদিক ও প্রতিবেদকরা কলেজটিতে উপস্থিত হন। তবে শিক্ষার্থীদের অনুপস্থিতিতে এবার কাঙ্ক্ষিত সেই আনন্দের ছবি ধারণ করতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কায় ছিলেন ফটোসাংবাদিকরাও।
এদিকে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কলেজের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। অফিস কক্ষগুলো ছিল তালাবদ্ধ। সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত না থাকায় এবার কলেজটির কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন, কতজন উত্তীর্ণ হয়েছেন কিংবা কতজন জিপিএ-৫ পেয়েছেন—তাৎক্ষণিকভাবে এসব তথ্য জানা সম্ভব হয়নি।
গত বছরের ফলাফল
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ভালো সাফল্য পেয়েছিল নটরডেম কলেজ। ওই বছর কলেজটি থেকে মোট তিন হাজার ২৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হন তিন হাজার ২২৬ জন। সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেন দুই হাজার ৪৫৪ জন শিক্ষার্থী। সে বছর কলেজটির পাসের হার ছিল ৯৯ দশমিক ৬০ শতাংশ।
Source: জাগো নিউজ২৪






