জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার তিন আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক (৭০), সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (৪৬) এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন (৬২)।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে সিআইডির একটি দল তাঁদের ঢামেক হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পুলিশি পাহারায় তাঁদের আবার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।

ডিবি পুলিশের পরিদর্শক রিদুয়ানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গ্রেপ্তার তিন আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় এবং হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর ঢামেক থেকে আবার তাঁদের নিয়ে যাওয়া হয়েছে।

Source: জাগো নিউজ২৪